পূর্বাশা ডেস্ক:
পরিচালকদের ‘হেয়’ করে বক্তব্য দেওয়ায় উকিল নোটিশ পাওয়ার পাশাপাশি নিষেধাজ্ঞায় পড়েছেন শাকিব খান। তাকে কথা শুনিয়ে দিতেও ছাড়ছেন না কেউ কেউ। কয়েকদিন আগে ফেসবুকে শাকিবকে ‘অহংকার’ ছাড়তে বলেছিলেন নির্মাতা মালেক আফসারী। এবার জানালেন, একমাত্র শাকিবকে দেখেছেন যিনি ঘরের (এফডিসি) মানুষদের পর করেছেন।
‘এই ঘর এই সংসার’-খ্যাত মালেক আফসারী বৃহস্পতিবার রাতে ফেসবুকে লেখেন, ‘হ্যালো মিস্টার, আপনি হয়ত ভাবছেন (মাত্র চারদিন আগে) ফোনে এত বুঝালাম, নতুন ছবির অফার দিলাম, তবুও কেন আপনার বিরুদ্ধে কথা বলছি? কারণ একটাই, আপনি আমার ভাই-ব্রাদারকে অসম্মান করেছেন। মিস্টার, জানিনা কার বুদ্ধিতে চলেন? আগে ঘর (এফডিসি) ঠিক করুন। পরে কলকাতা জয় করুন। ভুলে যাবেন না আপনি প্রথম হিরো না যে কলকাতা জয় করছে? ফেরদৌস প্রথম আপনি দ্বিতীয়। ফেরদৌস ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। দাদাদের ষড়যন্ত্রের শিকারে আপনিও একদিন আসবেন।’
তিনি আরো লেখেন, ‘আর একটা কথা— বহুবার আপনার লোকের মুখে শুনেছি আপনি আমাকে ছবি পাইয়ে দিয়েছেন হার্টবিট প্রডাকশনের? এর মানে কি মিস্টার? (ম্যাডাম তাপসী ঠাকুর আপনার দৃষ্টি আকর্ষণ করছি) সত্যিটা হলো— আপনি নিজের প্রয়োজনে দুইবার আমার বনানীর বাসায় এসেছেন। আমি আপনার বাসা চিনি না, আপনি আমার বাসা চেনেন। ও ম্যাডাম আপনি কই? আমি কি আপনাকে খুঁজে বের করেছি না আপনারা আমাকে খুঁজে নিয়েছেন? তাহলে মিস্টার কেন মানুষের কানে উল্টা কথা বলে রিজিকের মালিক সাজেন? এ টু জেড সবাই জানে নিজ যোগ্যতা বলে সিনেমায় টিকে আছি। আমার চোখের সামনে নায়করাজ রাজ্জাক, আলমগীর, সোহেল রানা, ফারুক, উজ্জ্বল, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, রুবেল, সালমান শাহ এবং মহানায়ক মান্নাকে দেখেছি। সবাই এফডিসিকে নিজের ঘর মনে করত। এক আপনাকে দেখলাম ঘরের মানুষদের পর করে দিতে। আর ঐ দূরে সরে যেতে।’
উল্লেখ্য, শাকিব খানকে নায়ক করে মালেক আফসারী নির্মাণ করেছেন হিরা চুনি পান্না, ঠেকাও মাস্তান, মনের জ্বালা ও ফুল অ্যান্ড ফাইনালের মতো জনপ্রিয় সিনেমা।
পূর্বাশানিউজ/২৮-এপ্রিল,২০১৭/ফারজানা

























































