শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অসদাচরণ: তিন আইনজীবীর সনদ বাতিল


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পেশাগত অসদাচরণের দায়ে আইন পেশা থেকে তিন আইনজীবীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া দুই আইনজীবীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আজীবনের জন্য বহিষ্কৃত তিনজন হলেন- ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শুকুর আলী গাজী, মো. আব্দুস সালাম এবং নীলফামারী জেলা আইনজীবী সমিতির সদস্য ক্ষিতীশ চন্দ্র রায়। সাময়িকভাবে বরখাস্ত হওয়া দুইজন হলেন- শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য গোলাম মোহাম্মদ (বাবুল)। তাকে ১০ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

ঢাকা আইনজীবী সমিতির সদস্য আলী আব্দুল বাতেনকে তিন বছরের জন্য আইন পেশা থেকে বহিষ্কার করা হয়েছে।

দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল পৃথক পৃথক তদন্ত শেষে এ সিদ্ধান্ত নিয়েছে।

অ্যাডভোকেট শুকুর আলী গাজীর বিরুদ্ধে অভিযোগ, আইনজীবী পদ ব্যবহার করে আবুল কাশেম পাটোয়ারীর জমি দখল করেছেন। অ্যাডভোকেট মো. আব্দুস সালামের বিরুদ্ধে অভিযোগ, তিনি আইন লঙ্ঘন করে নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে দায়িত্ব পালনের তথ্য গোপন করে আইনজীবী সনদ নিয়েছেন। অ্যাডভোকেট ক্ষিতীশ চন্দ্র রায়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি নীলফামারীর সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। যা বার কাউন্সিল আইন পরিপন্থী।

অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ (বাবুল) বিরুদ্ধে অভিযোগ, তিনি আবুল নামের এক ব্যক্তির কাছ থেকে তিন লাখ পাঁচ হাজার টাকা ঋণ (ধার) নেয়ার পর তা ফেরত দিতে অস্বীকার করেন। এক পর্যায়ে আবুলের জমি আত্মসাতের জন্য ভুয়া এফিডেবিট (হলফনামা) বানিয়ে আবুলকে হয়রানি করছেন।

অ্যাডভোকেট আলী আব্দুল বাতেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি আইনজীবী পদ ব্যবহার করে জান্নাত ইয়াসমিন রিতাকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন।

পূর্বাশানিউজ/৩০-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি