
পূর্বাশা ডেস্ক:
সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে দুই হাজারের বেশি কাঁচাঘরবাড়ি বিধ্বস্ত। এছাড়া পৌর এলাকার মল্লিকপুর খাদ্য গুদামঘাটে ত্রাণবাহী নৌকা ডুবে ৩৬০ বস্তা ভিজিএফর চাল নষ্ট হয়ে গেছে। রবিবার দিবাগত রাত ১১টার দিকে ঝড় শুরু হয়। ঝড়ের পর থেকে সারাজেলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন আছে।
জানা গেছে, ঝড়ে সুনামগঞ্জ সদর উপজেলার নয়টি ইউনিয়নের ওপর দিয়ে প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে সুনামগঞ্জ পৌর এলাকার নতুনপাড়া, হাসাননগর, কালিপুর, লালপুর, সোনাপুর, মল্লিকপুরসহ নয়টি ইউনিয়নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মল্লিকপুর খাদ্যগুদাম থেকে রঙ্গারচর ইউনিয়নে নেওয়ার জন্য ভিজিএফর চাল নৌকায় তোলা হচ্ছিল। এ সময় ঝড়ে ত্রাণবাহী নৌকাটি ডুবে যায়। তবে নৌকার মাঝিদের স্থানীয়রা উদ্ধার করে।
রঙ্গারচর ইউনিয়ন পরিষদের সচিব সজিব কান্তি দাস বরেন, ‘নৌকা ডুবে যাওয়ায় ত্রাণ বিতরণ করা সম্ভব হচ্ছে না।’
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, ‘ঝড়ে ক্ষতিগ্রস্থদের তালিকা করে সহায়তা দেওয়া হবে।’
পূর্বাশানিউজ/০১-,মে ২০১৭/মাহি






















































