
পূর্বাশা ডেস্ক:
এপ্রিলের শুরুর দিকের ঘটনা। ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ঢাকার দ্বিতীয় বিভাগ ক্রিকেটে চার বলে ৯২ রান ও ১.৪ ওভারে ৬৪ রানের ঘটনা। ক্রিকেটের এমন অনাকাঙ্খিত ঘটনার তদন্ত শেষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চার বলে ৯২ রান দেওয়া বোলার সুজন মাহমুদকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া তার দল লালমাটিয়া ক্রিকেট ক্লাবকে নিষিদ্ধ করা হয়েছে আজীবনের জন্য। একই দিন ১.৪ ওভারে ৬৪ রান দেওয়া বোলার তাসনিম হাসানকেও নিষিদ্ধ করা হয়েছে ১০ বছরের জন্য। তার দল ফেয়ার ফাইটার্সকেও আজীবনের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই শাস্তি ঘোষণা করেন তদন্ত কমিটির প্রধান শেখ সোহেল। এর আগে রোববার (৩০ এপ্রিল) বিসিবির কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করেই নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এ প্রসঙ্গে আম্পায়ার্স কমিটি ও তদন্ত কমিটির প্রধান শেখ সোহেল বলেন, ‘দেশের ক্রিকেটকে যারা ধ্বংস করতে চায় তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছি। দুই ক্লাব লালমাটিয়া ও ফেয়ার ফাইটার্সকে আজীবনেরর জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া জড়িত দুই বোলার সুজন মাহমুদ ও তাসনিম হাসানকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি ওই দুই ম্যাচে যে সকল আম্পায়াররা ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন তাদেরকেও ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’
লালমাটিয়া ক্রিকেট সেক্রেটারি আদনান রহমান দিপনকে পাঁচ বছরের জন্য ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকেও নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, দুই ক্লাবের অধিনায়ক এবং কোচদেরকে পাঁচ বছরের নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান শেখ সোহেল।
পূর্বাশানিউজ/০২-,মে ২০১৭/রুমকী
























































