
পূর্বাশা ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিলো দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রত্যাশা ছিলো ধুন্ধুমার লড়াইয়ের। কিন্তু ঘরের মাঠের রিয়ালের সামনে লড়াকু অ্যাটলেটিকোর দেখা মেলেনি। সান্তিয়াগো বার্নাব্যুতে ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে অ্যাটলেটিকোকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেলো রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিলো দিয়েগো সিমিওনের শিষ্যদের। ২০১৬ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের কাছেই হেরেছিলো অ্যাটলেটিকো। কিন্তু গ্রিজম্যান-তোরেসদের সেই সুযোগ দেয়নি জিনেদিন জিদানের সৈন্যরা।
ফাইনালের দৌড়ে এগিয়ে যাওয়ার জন্য দুই দলই মাঠে নেমেছিলো ৪-৪-২ ফরমেশনে। ঘরের মাঠে রিয়ালের শুরুটা হয় চমৎকার। ম্যাচের সাত মিনিটে গোল করার সুযোগ পেয়েছিলেন রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমা। কিন্তু তিনি লক্ষ্যভেদে ব্যর্থ হন। এর তিন মিনিট পরই দলকে এগিয়ে নিয়ে যান ক্রিশ্চিয়ানো রোনালদো।
ডান দিকে থেকে সার্জিও রামোসের করা ক্রস ফিরিয়ে দেন অ্যাটলেটিকোর রাইট ব্যাক স্টেফান সাভিচ। এরপর বল পান রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ক্যাসেমিরো। ক্যাসেমিরোর ক্রস থেকে হেড দিয়ে দারুণ এক গোল করেন রোনালদো।
ম্যাচের ১৬ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিলো লস মেরেঙ্গুয়েজদের সামনে। টনি ক্রুসের কর্নার কিকে লাফিয়ে উঠে জোরালো হেড করেছিলেন রাফায়েল ভারান। কিন্তু সেই হেড দারুণ রিফ্লেক্সে বাঁ দিকে ঝাপিয়ে পড়ে ফিরিয়ে দেন অ্যাটলেটিকোর গোলরক্ষক ইয়ান অবলাক।
এর এক মিনিট পরই রিয়াল শিবিরে হানা দেয় অ্যাটলেটিকো। সাউলের থ্রু পাস থেকে বল পেয়ে রিয়ালের ডি বক্স লক্ষ্য করে ছুটতে শুরু করেন কেভিন গামেইরো। কিন্তু ডি বক্সে ঢুকে শট নিতে একটু দেরি করে ফেলেন তিনি। সেই সুযোগে দ্রুত ছুটে এসে তা প্রতিহত করেন গোলরক্ষক কেলর নাভাস। ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের খেলার গতি একটু ধীর হয়ে যায় দুই দলেরই। কিন্তু ৭৩ মিনিটে গোল করে খেলায় প্রাণ ফেরান রোনালদো। লেফট উইং থেকে মার্সেলোর পাস ডিফেন্ডার দিয়েগো গডিনকে এড়িয়ে রোনালদোকে বাড়ান বেনজেমা। পায়ে বল পেয়ে একটু ধীরে সুস্থেই লক্ষ্যভেদ করেন সিআরসেভেন।
তার এই শট ফেরানোর চেষ্টা করেছিলেন অ্যাটলেটিকো ডিফেন্ডার ফিলিপে লুইস, কিন্তু পারেননি। ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে গোলরক্ষক অবলাককে পরাস্ত করে ব্যবধান দ্বিগুন করেন এই তারকা ফুটবলার।
৮৬ তম মিনিটে ডি বক্সের মুখে ফাঁকায় বল পেয়ে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। এবারের চ্যাম্পিয়ন্স লিগে এটা তার দ্বিতীয় হ্যাটট্রিক। এই নিয়ে শেষ তিন ম্যাচ মিলিয়ে আট গোল করলেন রোনালদো। তবে এবারের আসরে ১১ গোল করে এখনো শীর্ষে বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। রোনালদোর গোল সংখ্যা ১০টি।
এই ম্যাচ জিতে ফাইনালে এক পা দিয়ে রাখলো চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। ১১ মে সেমি ফাইনালের দ্বিতীয় লেগে স্প্যানিশ জায়ান্ট রিয়ালকে আথিতেয়তা দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ।
পূর্বাশানিউজ/০৩-,মে ২০১৭/মাহি
























































