
পূর্বাশা ডেস্ক:
মাত্র কিছু দিন আগে এক দফা ধর্মঘট পালন করে আবারও ধর্মঘটের হুমকি দিয়েছে ঢাকার মাংস ব্যবসায়ী সমিতি। আসন্ন পবিত্র রমযান মাসে রাজধানীবাসী গরুর মাংস কত দামে কিনে খেতে পারবে নাকি ধর্মঘটে অচল থাকবে মাংসের দোকানগুলো, তা নিয়ে এক ধরনের আশংকা তৈরি হয়েছে। এ অবস্থা থেকে উত্তোরনের জন্য সরকারের যথাযথ পদক্ষেপ এখন সময়ের দাবি। দেশে গরুর মাংসের চাহিদার তুলনায় যোগান কম থাকায় নিয়মিত হারেই বেড়ে চলেছে মাংসের দাম।
দেশের এই বিপুল চাহিদা মেটাতে প্রতিবছর ভারত থেকে কোটি কোটি টাকার গরু আমদানি করা হয়। ভারত গরু রফতানি বন্ধ করলেই অস্থিতিশীল হয়ে পড়ে দেশের মাংসের বাজার। কিন্তু সরকার একটু দৃষ্টি দিলেই গরু আমদানী না করেও দেশের মাংসের চাহিদা পূরণ করে বিদেশে রফতানি করাও সম্ভব। এক আলাপচারিতায় ব্রেকিংনিউজকে এমনটিই জানালেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।
তিনি বলেন, ‘ঘাটে ঘাটে মোটা অংকের চাঁদাবাজি, গরুর হাটের অতিরিক্ত খাজনা (হাসিল) আদায় বন্ধ করতে পারলে রাজধানীবাসীকে রমজানেই ৩০০ টাকা কেজি দরে গরুর মাংস খাওয়ানো সম্ভব হবে। তিনি বলেন, ‘আমাদের দেশের গরুর মাংস পদ্মার ইলিশ মাছের মতই সু-স্বাদু।বিদেশের বাজারে বাংলাদেশের গরুর মাংসের চাহিদাও ব্যাপক। নদী মার্তৃক এদেশের পদ্মা, মেঘনা, যমুনার চরে পালিত গরুর মাংস পৃথিবীর সব থেকে বেশি সু-স্বাদু। তাছাড়া আমাদের দেশের আবহাওয়া গরু পালনের জন্য বেশি উপযোগী। কিন্তু সরকারের একটু সু-দৃষ্টি এবং যথাযথ পদক্ষেপের অভাবে এ সেক্টরে স্বয়ংসম্পূর্ণতা পাচ্ছে না। বরং পরনির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে বছরের পর বছর।’
তিনি বলেন, ‘ভারত গরু রফতানি বন্ধ করলে এক লাফে মাংসের দাম বেড়ে যায়। আবার ছেড়ে দিলে দাম কমে দেশের কৃষক ক্ষতিগ্রস্থ হয়। সরকারকে যে কোন এক দিকে চলতে হবে। হয় গরু আমদানী করে মাংসের চাহিদা পূরণ করতে হবে। নয় উৎপাদনের ব্যবস্থা করতে হবে। আমদানির ক্ষেত্রে ভারত থেকে সম্ভব না হলে নেপাল, ভুটান, মায়ানমার থেকেও আমাদানি করা যেতে পারে। দেশের মাংসের চাহিদা পূরনে সরকারের উদ্যোগই এখন মুখ্য হয়ে দাঁড়িযেছে।’
পোল্ট্রি ফার্ম করে যেমন মুরগীর মাংসের চাহিদা মেটানো সম্ভব হয়েছে তেমনি গরুর ফার্ম করেও গরু উৎপাদন করা এবং গ্রামীণ কৃষিজীবীদের অর্থনৈতিকভাবে উপকৃত করাও সম্ভব বলে মনে করেন এই মাংস ব্যবসায়ী। বৈধ ও অবৈধ মিলিয়ে বছরে ৬০ হাজার কোটি টাকার গরু আমদানি করতে হয় অথচ দেশের মধ্যে বছরে মাত্র ২০ হাজার কোটি টাকা ইনভেস্ট করে গরুর মাংসের চাহিদা পূরণ করে বিদেশে রফতানি করা সম্ভব হবে।
রবিউল আলম বলেন, ‘কানাডায় ছয় মাস গরু মাঠে থাকে বাকি ছয় মাস ঘরে রাখতে হয়। কিন্তু আমাদের দেশে বার মাসই গরু মাঠে রেখে পালন করা যায়।’
মাংস ব্যবসায়ী সমিতির এ নেতা বলেন, ‘আমাদের দেশে ঠ্যাংড়ার চরসহ অনেক বড় বড় চর রয়েছে। যেখানে অসংখ্য গরু পালন করা সম্ভব। অস্ট্রেলিয়ান ভাল জাতের একটি গরু ২৪ মাসে কমপক্ষে ২৫ মন মাংস দেয়। যা পালন করলে সহজেই কৃষক লাভবান হতে পারবে।’
স্বল্প সুদে ঋণ দিয়ে গরু পালন করে পশু বিপ্লব ঘটানো সম্ভব হলেও উল্লেখ করেন তিনি বলেন, ‘আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয় যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এবং প্রান্তিক কৃষক পর্যায়ে বিনাসুদে ঋণ দেয় তাহলে অতিদ্রুত এ সংকট থেকে আমাদের উত্তোরণ করা সম্ভব হবে।’
এ মাংস ব্যবসায়ী বলেন, ‘গরুর শুধু মাংসই নয়, হাড়, চামড়া, পেনিস ইত্যাদি রফতানিযোগ্য পণ্য। গত বছরে শুধু মাত্র ১৭০ কোটি টাকা আয় করা সম্ভব হয়েছে হাড়, চামড়া বিক্রি করে। সরকার এগিয়ে আসলে এটি রফতানি যোগ্য পণ্য হিসেবে এটি এক নম্বরে থাকবে বলেও আশা করেন তিনি।
গরু পালন প্রসঙ্গে সাদিক এগ্রোর স্বত্বাধিকারী ইমরান হোসেন বলেন, ‘এখন থেকে ১৫ বছর আগে আমরা পোল্ট্রিতে পরনির্ভর ছিলাম কিন্তু সরকারের সহযোগিতা এবং দেশের মানুষের চেষ্টায় এ সেক্টরে স্বনির্ভর হয়েছি। ঠিক একইভাবে ভারত থেকে গরু আমদানি বন্ধ এবং গরু পালনে খামারিদের ঋণ প্রদান করলে এ সেক্টরেও স্বনির্ভর হওয়া সম্ভব।’
তিনি বলেন, ‘বেশি না মাত্র দুই বছর গরু আমদানি বন্ধ রাখলেই দেশি গরুতে মাংসের চাহিদা পূরণ করা সম্ভব। এক্ষেত্রে তিনি নিজের ফার্মের উদাহরণ দিয়ে বলেন, প্রতি বছর কুরবানীর গরু বিক্রি করে লোকসান গুনতে হয় বিধায় গরুর বাছুর বড় করি না। দুধ খাওয়া ছাড়লেই কশাইয়ের কাছে বিক্রি করে দেই। দুই বছর লালন-পালন করলে প্রতিটি গরুর পেছনে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়।কিন্তু বিক্রির সময় ন্যায্য মূল্য না পাওয়ায় আমাদের মত কোন খামারিই গরু বড় করতে চায় না।’
তিনি বলেন, ‘ভাল করে খাবার দিয়ে একটি ষাড় গরু দুই বছর পালন করলে তার থেকে ১০ মণ মাংস পাওয়া সম্ভব। ভারত থেকে আমাদের দেশে যে সব গরু আমদানি করা হয় তা দেশের গরুর তুলনায় অনেক নিম্ন মানের। এছাড়া প্রতিবছর চোরাচালানের মাধ্যমে গরু আনতে গিয়ে অনেক লোক প্রাণ হারান সীমান্তরক্ষীদের গুলিতে।’
তিনি বলেন, ‘ভারতের গরু রফতানি বন্ধের সিদ্ধান্ত আমাদের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে মাংসের চাহিদা পূরনে স্বয়ংসম্পূর্ণ হতে এখনই উদ্দ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন এই খামারি।’
পূর্বাশানিউজ/০৩-,মে ২০১৭/মাহি























































