শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইন্টারনেটের আওতায় আসছে কুবি ক্যাম্পাস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীনে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) তত্ত্বাবধানে ক্যাম্পাসজুড়ে শক্তিশালী ইন্টারনেট সংযোগ প্রদানের উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এ প্রকল্পের আওতায় পুরা ক্যাম্পাসকে ইন্টারনেটের আওতায় আনা হবে। ফলে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান ছাড়াও শিক্ষার্থীদের আবাসিক হল ‌ও শিক্ষকদের ডরমিটরি এই নেটওয়ার্কের আওতায় আসবে। প্রকল্পের ডেপুটি সাব প্রজেক্ট ম্যানেজার দুলাল চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তথ্য-প্রযুক্তি বিকাশের এই সময়ে এসেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১১ বছর পার হলেও ইন্টারনেটের শতভাগ সুবিধা পায়নি শিক্ষার্থীরা। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে শিক্ষার্থীরা।

সূত্র আরো জানায়, প্রথমবারের মতো ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর মাত্র ২০ এমবিপিএস গতির ইন্টারনেট চালু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যা চাহিদার তুলনায় ছিল অপ্রতুল। ইন্টারনেট সংযোগের মাত্র কয়েক দিনের মধ্যেই কয়েকটি রাউটার অকেজো হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবের বিষয়টি মাথায় রেখেই শক্তিশালী ইন্টারনেট স্থাপন করার প্রয়োজনীয়তা অনুভব করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে এক গিগা বাইট (জিবি) গতির ইন্টারনেট স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রাথমিকভাবে ক্যাম্পাসে প্রায় ৭০টির মতো ওয়াইফাই জোন স্থাপন করে ইন্টারনেট সুবিধা দেওয়া হবে। এরপর প্রয়োজন বিবেচনা করে জোন ও গতি আরো বাড়ানো হবে। প্রায় দুই কোটি টাকার প্রকল্পটির কাজ আগামী মাসেই শুরু হতে পারে বলে জানা গেছে। প্রকল্পটির ডেপুটি সাব প্রজেক্ট ম্যানেজার ও বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের চেয়ারম্যান দুলাল চক্রবর্তী জানান, আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই ক্যাম্পাসে শক্তিশালী ইন্টারনেট স্থাপনের কাজ শুরু হবে। ঠিকমতো কাজটি শেষ করতে পারলে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যই এর সুবিধা পাবে। ইন্টারনেটের গতি হবে এক গিগা বাইট বা এক জিবি।

উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ বলেন, “আমি সবসময় শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করেছি। আমিই প্রথমে ক্যাম্পাসে ইন্টারনেট স্থাপন করেছিলাম। এখন তা আরো শক্তিশালী করে স্থাপনের উদ্যোগ নিয়েছি। ” বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীনে এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) তত্ত্বাবধায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। বিশ্ববিদ্যালয় পরিবারের অভিভাবক হিসেবে সবার পক্ষ থেকে বিডিরেনকে আহ্বান করছি যতো দ্রুত সম্ভব প্রকল্পটি বাস্তবায়ন করতে। “

 পূর্বাশানিউজ/০৬-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি