
পূর্বাশা ডেস্ক:
সম্প্রতিক সময়ের টানা বৃষ্টির অজুহাতে রাজধানীর সবজি বাজারগুলোতে বেড়েছে শাক-সবজির দাম। পর্যাপ্ত সরবরাহ থাকলেও ৪০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোন সবজি। তবে আলুর দাম রয়েছে ১৬ থেকে ২০ টাকার মধ্যে। রাজধানীর রামপুরা, হাতিরপুল বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
শনিবার বাজার ঘুরে দেখা গেছে, করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা, পটল বিক্রি হচ্ছে ৫০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ টাকা, ছোট বেগুন প্রতি কেজি ৪০ টাকা ও কালো বেগুন ৫০ থেকে ৫৫ টাকা, শিম ৫০ থেকে ৫৫ টাকা, ধুন্দল বিক্রি হচ্ছে ৬০ টাকা, বরবটি বিক্রি ৬০ টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪০ টাকা, মূলা ৪০ থেকে ৫০ টাকা, মিষ্টি আলু ৪০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ছিল ২৫ টাকা, পেঁপে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে মান ভেদে আলু বিক্রি হচ্ছে ১৬ টাকা থেকে ২০ টাকায়।
সালাদের উপকরণ শসা মান ভেদে ৩০ থেকে ৪০ টাকা, লেটুস পাতা ২৫ টাকা আটি, লেবু হালি ১২ থেকে ২০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৬০ টাকা দামে বিক্রি হচ্ছে।
এদিকে, বৃষ্টির প্রভাব পড়েনি শাকবাজারে পাট শাক প্রতি আটি বিক্রি হচ্ছে ৫ টাকায়, লালশাক প্রতি আটি ৫ থেকে ৮ টাকা, কলমি শাক ৫ টাকা আটি, পুঁইশাক আটি ২০ টাকা এবং লাউ শাক আটি ২০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে বাজারে প্রতি কেজি তেলাপোয়া, পাঙ্গাস বা সিলভারের মত মাছ ১২০ টাকা থেকে ১৫০ টাকা দরে কেজি। আর দেশি কই, বোয়াল, কাজলী বা টেংরা কিনতে হলে গুনতে হবে ৪০০ টাকা থেকে ৫৫০ টাকা, বড়-মাঝারি রুই, কাতল বা মৃগেল ২২০ টাকা থেকে ৩২০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের হালি আড়াই হাজার থেকে তিন হাজার টাকা।
এদিকে বাজারে তেমন পরিবর্তন আসেনি মাংসের দামে। প্রতি কেজি গরুর মাংস এখনও ৪৫০ টাকা থেকে মানভেদে ৫২০ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া খাশির মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং ফার্মের মুরগি ১৫০ থেকে ১৫৫ টাকা কেজি, ব্রয়লার প্রতি কেজি ১৮০ টাকা ও পাকিস্তানি কর্ক প্রতি হালি ৮০০ থেকে ১২ শত টাকায় বিক্রি হচ্ছে।
পূর্বাশানিউজ/০৭-,মে ২০১৭/মাহি























































