
পূর্বাশা ডেস্ক:
কিডনির ডায়ালাইসিসের ক্ষেত্রে ব্যতিক্রম উদাহরণ তৈরি করতে যাচ্ছে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল। কম খরচে সর্বোচ্চ চিকিৎসাসেবা দিতে আগামী সপ্তাহ থেকে হাসপাতালের গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে মাত্র ১১০০ টাকায় কিডনির ডায়ালাইসিস সেবা শুরু করতে যাচ্ছে। গতকাল হাসপাতালে আয়োজিত এক আলোচনা সভায় এই তথ্য জানানো হয়। সভায় বক্তব্য দেন গণস্বাস্থ্য ট্রাস্টের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য নগর কেন্দ্রের মাইক্রোবায়োলজিস্ট অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, নেফ্রোলজি বিশেষজ্ঞ ডা. মো. আবদুল হামিদ প্রমুখ। হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেন, উত্তর আমেরিকার কানাডা কিউবা ছাড়াও এশিয়ার তাইওয়ান, জাপান, ইরান ও পাকিস্তানের সিন্ধু ও ইন্দাজ হাসপাতালে সকল করাচিবাসীদের জন্য বিনা খরচে ডায়ালাইসিস সেবা দেয়া হয়। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতে মাত্র ১ হাজার থেকে ১২ শ’ রুপি খরচ লাগে। অথচ বাংলাদেশে প্রতি মাসে একজন রোগীকে শুধু ডায়ালাইসিস করাতেই ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা খরচ হয়। এছাড়াও ডায়ালাইসিসের পাশাপাশি দেশে প্রতি বছর প্রায় ১০ হাজার কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়। কিন্তু চিকিৎসা পদ্ধতি উচ্চ মূল্যের কারণে অর্থের যোগান দিতে না পারায় ৯৫ ভাগ রোগী ট্রান্সপ্লান্ট করাতে পারছে না। মূলত সরকারি ব্যবস্থাপনার গাফিলতিতে এমনটা হচ্ছে। তাছাড়া এখানে মিউনিসিপ্যালিটি ট্যাক্সও অনেক বেশি। তাই গণস্বাস্থ্য ট্রাস্টের উদ্যোগে ও সমাজের বিত্তবান মানুষদের সহযোগিতায় চিকিৎসার প্রয়োজন এমন অসহায় মানুষদের গোড়ায় সেবা পৌঁছিয়ে দিতেই এই আন্দোলন। তিনি আরো বলেন, এখানে ১০০টি অত্যাধুনিক মানের ডায়ালাইসিস মেশিন ও ৬ বেডের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেড চালু থাকছে। সংক্রামক রোগাক্রান্ত বিকল কিডনি রোগীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ওয়াইফাই সুবিধাসহ অডিও-ভিডিও যুক্ত ৭৫টি আরামদায়ক শয্যা ও ২৫টি রেনাল চেয়ার সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের সার্বিক সেবার মানোন্নয়নে ৫ জন সিনিয়র বিশেষজ্ঞ, ৪ জন জুনিয়র বিশেষজ্ঞ, ১০ জন রেজিস্টার ও প্রশিক্ষণার্থী চিকিৎসক, ৫০ জন নার্স ও ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন টেকনিশিয়ান রয়েছে। সর্বস্তরের রেজিস্টার্ডভুক্ত রোগীরা দিন-রাত ২৪ ঘণ্টাব্যাপী চালুকৃত এই ইউনিটের মেশিনে সেবা নিতে পারবে। এভাবে দৈনিক ৫০০ জন বিকল কিডনি (ইএসআরডি) রোগী চিকিৎসা দেয়া হবে। এছাড়াও প্রতিদিন ২৫ জন অতি দরিদ্র রোগীকে বিনা পয়সায় ডায়ালাইসিস করা হবে। তাদের চিকিৎসার মান নিশ্চিত করতে সার্বক্ষণিক ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। এভাবে আরেকটি হার্ট ও ক্যানসার সেন্টার গড়ে তুলতে চাই। চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, ডায়ালাইসিসের জন্য গুরুত্বপূর্ণ হলো বিশুদ্ধ পানি। আর ১০০টি মেশিন পরিচালনার জন্য প্রতিদিন ১ লাখ লিটার বিশুদ্ধ পানি, ১ হাজার কেভিএ বিদ্যুৎ দরকার। কারণ পানিতে এ্যালুমেনিয়াম, ক্লোরামিনেস, নাইট্রাটিস, জিং্ক, আর্সেনিক ও লিড, অ্যামিনো, সালফেট জাতীয় কেমিক্যাল মিশ্রিত থাকে। যা কিডনি রোগীদের অ্যামেনিয়া, বোন ডিজিজ, লিভার ফাংশন এবং এনসিফালোপ্যাথিতে আক্রান্ত করে থাকে। এছাড়া পানির মাইক্রোবায়েল দূষণে ব্যাকটেরিয়া ফাঙ্গাস উৎপন্ন হয় যেটা রোগীর ইনফেকশন, ক্রনিক প্রদাহ এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বিশুদ্ধ ডায়ালাইসিস পানির জন্য ওয়াসা অনুমোদিত হাসপাতালে ২ ইঞ্চি ব্যাসার্ধের গভীর নলকূপ স্থাপন ১ হাজার কেভিএ জেনারেটর ব্যবস্থা রয়েছে। এ্যাপোলো হাসপাতালের সাবেক চিকিৎসক গণস্বাস্থ্যের কিডনি বিশেষজ্ঞ ডা. আবদুল হামিদ বলেন, বর্তমানে দেশে ২ কোটিরও বেশি মানুষ ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে। এদের মধ্যে ৮ লাখ মানুষের নিয়মিত ডায়ালাইসিসের প্রয়োজন হয়। প্রতি বছর এর সঙ্গে আরো ৩০ হাজার রোগী যোগ হয়।
এমনকি প্রতি বছর ডায়ালাইসিসের অভাবে প্রায় ৪০ হাজার মানুষ মারা যায়। অনেক দেশে ইন্স্যুরেন্স পলিসির মাধ্যমে সেবা দেয়া হয় যেটা বাংলাদেশে নাই। তাই এখানে ধনী-গরিব সবাই সমান চিকিৎসা পাবে। চিকিৎসাদানে ডাক্তারদের জবাবদিহিতা থাকবে। এখানে ডায়ালাইসিস চলাকালীন সময়ে প্রতি ৪ ঘণ্টায় ৮ বার ফলোআপের সুযোগ থাকবে। পাশাপাশি ইমার্জেন্সি রোগীদের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। আলোচনায় চিকিৎসা বিশেষজ্ঞরা জানান, কিডনি রোগীদের স্বল্পমূল্যে অত্যাধুনিক চিকিৎসা দেবে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল। সামাজিক শ্রেণি বিন্যাসে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও দরিদ্রদের অল্পমূল্যে এবং অতি দরিদ্রদের বিনামূল্যে ডায়ালাইসিস ও কিডনি ট্রান্সপ্লান্টের সুযোগ রয়েছে এখানে। পাশাপাশি মাত্র ছয়শ’ টাকায় সাপ্তাহিক এরিথ্রেপোয়েটিন ইনজেকশন সুবিধা ও শহরের প্রান্তে বসবাসকারী রোগীকে মাত্র একশ’ টাকায় রাতে অ্যাম্বুলেন্সযোগে বাড়ি পৌঁছানোর সুব্যবস্থা থাকছে। বর্তমানে দেশে কিডনি রোগী বাড়ছে। কিন্তু এর চিকিৎসা সেবা ব্যয়বহুল হওয়ায় অনেকেই বিনা চিকিৎসায় অকালে মারা যাচ্ছে। তাই কিডনি রোগীদের চিকিৎসা সুবিধার্থে আগামী ১৩ই মে মার্চ থেকে গণস্বাস্থ্যনগর হাসপাতালে অত্যাধুনিক মানের ডায়ালাইসিস কেন্দ্র চালু হচ্ছে। এখানে নামমাত্র ফি’তে কিডনি রোগীদের সেবা দেয়ার সুযোগ রয়েছে।
পূর্বাশানিউজ/০৭-,মে ২০১৭/মাহি

























































