শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝিনাইদহে এক ‘আস্তানায়’ অভিযান শেষ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:
ঝিনাইদহের সদর উপজেলার লেবুতলা গ্রামের যে বাড়িটি ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছিল, সেখানে প্রাথমিকভাবে অভিযান শেষ হয়েছে। তবে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের হঠাৎপাড়ায় ‘জঙ্গি আস্তানা’য় এখনো অভিযান চলছে।

সদর উপজেলার লেবুতলায় অভিযানে কেউ হতাহত হয়নি। একজনকে আটক করা হয়েছে সেখান থেকে। উদ্ধার করা হয়েছে বোমা ও পিস্তল।

রোববার দুপুর সোয়া ১২টায় পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) দিদার আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘লেবুতলা গ্রামের ওই বাড়ির মালিক শরাফত জোয়ারদার কলেজপড়ুয়া ছেলে শামীম জোয়ারদারকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে আটটি হাতবোমা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।’

‘জঙ্গি আস্তানা’ সন্দেহে আজ সকাল থেকে দুই উপজেলায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের হঠাৎপাড়ায় ‘জঙ্গি আস্তানা’য় অভিযান শুরু হলে সেখানে দুই ‘জঙ্গি’ নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন অতিরিক্ত পুলিশ সুপার। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন বলে জানান মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদুল কবীর।

ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানিয়েছেন, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অভিযানকালে বজরাপুর গ্রামের হঠাৎপাড়ার বাড়ির মালিক জহিরুল ইসলাম, তাঁর কিশোর ছেলে জসীম উদ্দিনসহ (১২) চারজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।

০৭ মে ২০১৭/ রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি