রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জো রুটে সিরিজ ইংল্যান্ডের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

২ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৮৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। এ জয় দিয়ে ২-০তে সিরিজ জিতলো ইংলিশরা।

ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে টস হেরে প্রথমে ব্যাট করে জো রুট, এউইন মরগান ও জনি বেয়ারস্টোর হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩২৮ রান করে ইংল্যান্ড। রুট ৭৩ বলে ৮ চারে ৭৩ এবং মরগান করেন ৭৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৭৬ রান। এছাড়া ৪৪ বলে ৭ চার ২ ছক্কায় ৭২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন বেয়ারস্টো।

আয়ারল্যান্ডের হয়ে পিটার চেজ ও ব্যারি ম্যাককার্থি নেন ২টি করে উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন টিম মুর্তাহ ও জর্জ ডকরেল।

জয়ের জন্য ৩২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে আইরিশরা। তবে মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় বেশি দূর এগুতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২৪৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

দলের হয়ে অধিনায়ক পোর্টারফিল্ড খেলেন ৮৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৮২ রানের লড়াকু ইনিংস। পল স্টারলিং করেন ৪২ বলে ৮ চার ও ১ ছক্কায় ৪৮ রান। আর ডকরেলের ব্যাট থেকে আসে ২৮ রান। এছাড়া বাকী ব্যাটসম্যানদের কেউ ১৮ রানের বেশি করতে পারেননি।

ইংলিশদের হয়ে লিয়াম প্লাঙ্কেট ও জো রুট নেন ৩টি করে উইকেট। এছাড়া মার্ক উড নেন ২টি উইকেট।

ব্যাটে-বলে সমান পারদর্শিতা দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন জো রুট।

প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারায় ইংল্যান্ড। ইংলিশদের মাটিতে সেটি ছিল আইরিশদের প্রথম ম্যাচ।

পূর্বাশানিউজ/০৮-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি