
পূর্বাশা ডেস্ক:
ডায়াবেটিস হলে অনেকেই মুষড়ে পড়েন। জীবনযাপনের ধরণ, খাদ্যভ্যাসে অনেক পরিবর্তন আনতে হয়। কিন্তু এসব পরিবর্তন মেনে নিয়েই কিন্তু অনেক মানুষ সুস্থ ও সুখি জীবনযাপন করছেন। জেনে নিন ডায়াবেটিস নিয়েও সুস্থ জীবনযাপনের কিছু উপায়-
১) শারীরিকভাবে সক্রিয় থাকুন
ডায়াবেটিসের ওষুধ গ্রহণ, খাবারের নিয়ম মেনে চলা, ব্লাড সুগার নিয়মিত নিয়ন্ত্রণে রাখা এসবকরতে গিয়ে অনেকেরই শারীরিকভাবে সক্রিয় থাকা হয় ন। ফিটনেস হারিয়ে যায় সহজেই। কিন্তু এক্সারসাইজ করাটা দায়াবেটিস রোগীদের দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক সুস্থতার জন্য জরুরী। এতে ডায়াবেটিসের প্রভাব থেকে শরীরকে মুক্ত রাখা সহজ হয়। কিন্তু আপনি কতটুকু এক্সারসাইজ সহ্য করতে পারবেন সেটা বুঝেই তা করা উচিৎ। ব্লাড সুগার অতিরিক্ত বেড়ে যাওয়া বা কমে যাওয়াকে এড়িয়েই ব্যায়ামের পরিকল্পনা করা জরুরী। আর এই ব্যায়াম করা উচিৎ নিয়মিত।
২) সাপোর্ট সিস্টেম তৈরি করুন
সাপোর্ট সিস্টেম বলতে বোঝানো হচ্ছে আপনার পরিবার ও বন্ধুদেরকে, যারা ডায়াবেটিসের ব্যাপারে ইতিবাচক মনোভাব রাখবে এবং আপনাকে সহায়তা করবে এর ভালো ও খারাপ সময়ের মধ্য দিয়ে। আপনার যে ডায়াবেটিস আছে সে ব্যাপারটি লুকাবেন না। এতে অন্যরা আপনাকে দরকারের সময়ে সাহায্য করতে পারবে। বিশেষ করে আপনি অসুস্থ হয়ে গেলে এ ব্যাপারটা বেশি দরকারি।
৩) অস্থির হয়ে পড়বেন না
ডায়াবেটিস ধরা পড়ার পর অনেকেই ভয় পান, অস্থির হয়ে পড়েন কী করবেন না করবেন ভেবে। কিন্তু এত চিন্তিত হবার কিছু নেই। অনেকেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সুস্থ জীবনযাপন করেন। ডায়াবেটিসের ব্যাপারে জানুন, নিজের যত্ন নিন। একটা সময় এটাই আপনার স্বাভাবিক জীবনযাত্রা হয়ে দাঁড়াবে।
৪) একে জীবনের কেন্দ্র করে ফেলবেন না
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন, এর ব্যাপারে সচেতন থাকুন, কিন্তু এটাই যেন আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার না হয়ে ওঠে। নিজেকে এর মাঝে হারিয়ে ফেলবেন না। জীবনের ইতিবাচক অনেক দিক আছে, সেগুলোকে উপভোগ করুন।
৫) অল্প অল্প করে অগ্রসর হন
এক দিনেই ডায়াবেটিস সারিয়ে ফেলবেন, এমন মনে করাটা ভুল। ডাক্তারের সাথে কথা বলে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। একটু একটু করে নিজেকে সুস্থ করা তুলুন। একটা সময়ে দেখবেন অনেকটাই সামলে নিয়েছেন পরিস্থিতি।
৬) সার্বিক স্বাস্থ্যের যত্ন নিন
ডায়াবেটিস হলে সবাই ব্লাড সুগার নিয়ন্ত্রণের ব্যাপারেই মনোযোগ দেন। কিন্তু আপনার সার্বিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া জরুরী। নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হবে, স্ট্রেস কম রাখতে হবে, যথেষ্ট ঘুমাতে হবে। এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে আসবে।
৭) অন্যান্য ডায়াবেটিস রোগীদের থেকে সাপোর্ট নিন
আপনার মতো একই পরিস্থিতিতে আছে, এমন কারো থেকে পরামর্শ নিন। এতে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা এবং জীবনকে গুছিয়ে নেওয়াটা অনেক সহজ হবে।
০৮ মে ২০১৭/ রুমকী

























































