শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ৫ জানুয়ারির মতো নয়, যোগ্যতাবলে পাস করতে হবে : শেখ হাসিনা


৫ জানুয়ারির মতো নয়, যোগ্যতাবলে পাস করতে হবে : শেখ হাসিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৭


পূর্বাশা ডেস্ক:

আগামী নির্বাচনে জনবিচ্ছিন্ন কাউকে মনোনয়ন দেয়া হবে না বলে হুশিয়ার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু আগামী নির্বাচনে দায়িত্ব নিতে পারবেন না। সাংসদদের নিজ যোগ্যতাবলে পাস করে আসতে হবে। এর জন্য এখন থেকেই মাঠে নামতে হবে, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে।’

রবিবার (০৭ মে) জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে আয়োজিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় দলের সভানেত্রী এসব কথা বলেন বলে বৈঠকসূত্র এ তথ্য জানিয়েছে।

তিনি আরও বলেন, ‘এটা রাষ্ট্রপতি নির্বাচন নয়, যে একজন ভোট না দিলেও সমস্যা নেই। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। ফলে যাকে মনোনয়ন দিলে সংখ্যাগরিষ্ঠতা আসবে তাকেই মনোনয়ন দেয়া হবে।’

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৪ সালের নির্বাচনের মতো হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

যাদের অবস্থা খারাপ, তাদের এখনো ভালো করার সুযোগ আছে। এ সময়ের মধ্যে নিজেদের অবস্থান ভালো করতে পারলে মনোনয়ন দেয়া হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা অনেক উন্নয়ন করেছি, কিন্তু সেই আত্মতুষ্টিতে ভুগলে হবে না। এলাকায় জনগণের কাছে যেতে হবে। যাদের এলাকায় জনসম্পৃক্ততা আছে তারাই মনোনয়ন পাবেন। আমি জরিপ করছি, আরও জরিপ করা হবে। কার কি অবস্থা তার তালিকা করছি।’

আর্থসামাজিক উন্নয়নে সরকারের সাফল্য আছে। কিন্তু এই সাফল্য প্রচারে সফল নয় আওয়ামী লীগ। এই ব্যর্থতার জন্য দলীয় সাংসদদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি সরকারের সাফল্য মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দেন।

পূর্বাশানিউজ/০৮-,মে ২০১৭/মাহি

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি