শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আমিও কিন্তু প্লট পাইনি : প্রধানমন্ত্রীকে রওশন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৫.২০১৭

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সংসদ সদস্যদের সবাই প্লট পায়নি, আপনি প্লট দিবেন। আমিও কিন্তু পাইনি। এ সময় তিনি অন্য সংসদ সদস্যদের জন্যও প্লট বরাদ্দ দেওয়ার দাবি জানান। সোমবার জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন তিনি।

দেশের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে ঢেলে সাজানোর দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, এসএসসি পরীক্ষার যে ফল হয়েছে তা হতাশাজনক। শিক্ষার্থীরা স্বাধীনতা দিবস, জাতীয় দিবস কবে, রাষ্ট্রপতির নাম কি তা জানে না। এ শিক্ষা পদ্ধতি সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রীও বলেছেন।

তিনি বলেন, শিক্ষা পদ্ধতি আরেকটু ঢেলে সাজাতে হবে। যুগোপযোগী করতে পদক্ষেপ নিতে হবে। উচ্চ শিক্ষার লক্ষ্যে আগামী প্রজন্মকে তৈরি করতে হবে। বাংলার পাশাপাশি ইংরেজিসহ নানা ভাষা শেখার বিষয়ে উদ্যোগ নিতে হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দেশে অনাবৃষ্টি, অতিবৃষ্টি হচ্ছে। দেশ বেশ ঝঁকিতে রয়েছে। তা মোকাবেলার জন্য চিন্তা-ভাবনা করতে হবে। ইতোমধ্যে সুনামগঞ্জে হাওর-বাওরে এর নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।

মাদকে সারাদেশ ছেয়ে গেছে উল্লেখ করে কর্মহীনদের নেতিবাচক কাজে সম্পৃক্ততার প্রসঙ্গ টানেন রওশন এরশাদ। তিনি বলেন, কর্মসংস্থান না থাকলে মাদক, চুরিতে জড়ায় তরুণ প্রজন্ম। তাদের রক্ষা করতে হবে। প্রত্যেকটা জেলা ও উপজেলায় মানুষ মাদকের ব্যবসা করছে; কারণ কর্মসংস্থান নেই। মাদকের ব্যবসায় টাকা মেলে; এ জন্য এতে ঝুঁকছে তারা।

স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রওশন বলেন, ‘যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গি দমন করছেন, মাদকের বিষয়েও সফল হবেন আশা করি। আরও বেশি সিরিয়াস হয়ে নামলে মাদকের গ্রাস কমে যাবে। প্রতিটি এলাকায় মাদকবিরোধী অভিযান, মাদকের কুফল প্রচার করতে হবে।’

বিরোধীদলীয় নেতা জানান, প্রবাস আয়ে নজর দিতে হবে। রেমিট্যান্স এখন অনেক কমে গেছে। কারিগরি শ্রমিকদের বাইরে পাঠাতে পারলে অনেক প্রবাস আয় আসবে।

নিত্যপ্রয়োজনীয় মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়ে তিনি বলেন, রমজানকে সামনে রেখে ছোলার দাম বেড়ে যাচ্ছে। দাম নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে মানুষের কষ্ট না হয়।

এবারের আইপিইউ সম্মেলন নিয়ে রওশন বলেন, এবার আইপিইউ সম্মেলন আয়োজন করায় দেশের ভাবমূর্তি আরও বেশি উজ্জ্বল হয়েছে। প্রথম পরিবেশবান্ধব গ্রিন এসেম্বলি হয়েছে এখানে। এ ধরনের আয়োজন দেশে প্রথম হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।

০৯/০৫/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি