
পূর্বাশা ডেস্ক:
২০১৭-১৮ শিক্ষাবর্ষে দেশের সকল সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। ৯ মে মঙ্গলবার শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২৬ মে পর্যন্ত।
অনলাইনে www.xiclassadmission.gov.bd এই ঠিকানায় আবেদন করা যাবে। এছাড়া টেলিটকে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।
এর আগে, ৭ মে রোববার শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এ নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজ নির্ধারণ করে দেওয়া হবে।
এসএমএসের মাধ্যমে প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১২০ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। আর অনলাইনের ক্ষেত্রে ১৫০টাকা ফি দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে হবে।
কলেজে ভর্তির জন্য প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ জুন। এরপর আরও দুই দফায় আবেদন গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ে ভর্তির কাজ শেষ করে ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।
উল্লেখ্য, ৪ মে বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। সারাদেশে এবার ছেলেদের পাসের হার ৭৯.৯৩ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮০. ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ চার হাজার ৭৬১ জন শিক্ষার্থী।
০৯ মে ২০১৭/ রুমকী

























































