
পূর্বাশা ডেস্ক:
সরকার ঢাকা শহর থেকে ভিক্ষুক পুনর্বাসনের পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামন আহমেদ বলেছেন, ‘ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলা শহর ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিতকরণ ও ভিক্ষুকদের আত্মকর্মসংস্থানের জন্য ভিক্ষুকদের এবং রাস্তাঘাটের ভাসমান ভিক্ষুকদের জেলা পর্যায়ে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’
সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত সফুরা বেগমের (মহিলা আসন-২) এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টার পর সংসদের অধিবেশন শুরু হয়।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে উদ্বুদ্ধকরণ, পুনর্বাসন ও কর্মসংস্থানের মাধ্যমে ২০১৮ সালের মধ্যে দেশকে ভিক্ষুকমুক্ত করা হবে বলে জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।
মন্ত্রী জানান, ঢাকা শহরকে ভিক্ষুকমুক্ত করতে ৩টি জোনে বিভক্ত করে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। এলাসমূহ হচ্ছে-বিমানবন্দর ও হোটেল রেডিসন এলাকা, কূটনৈতিক জোন ও দূতাবাস এলাকা, হোটেল সোনরগাঁও ও বেইলী রোড এলাকা। এসব এলাকায় ভিক্ষাবৃত্তি বন্ধে ও পূনর্বাসনের লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ভিক্ষাবৃত্তি বন্ধে ও পুনর্বাসনের লক্ষ্যে ঢাকা শহরে পত্রিকায় বিজ্ঞাপন, মাইকিং এবং প্লাগ স্ট্যান্ড এর মাধ্যমে প্রচারণা অব্যাহত রয়েছে বলে জানান মন্ত্রী।
হিজড়াদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ হিজড়া সম্প্রদায়। তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা ও পুনর্বসনের লক্ষ্যে সরকার সার্বিক সহায়তা প্রদানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ২০১৩-১৪ অর্থবছর হতে পাইলট কর্মসূচি হিসেবে দেশের ৭টি জেলায় হিজড়া জনগোষ্ঠির জীবন উন্নয়নে কর্মসূচি শুরু হয়।
তিনি বলেন, ২০১৩-১৪ অর্থবছরে নতুন ১৪টি জেলাসহ মোট ২১টি জেলায় এ কর্মসূচি ব্যস্তবায়িত হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে পূর্বের ২১ জেলাসহ মোট ৬৪টি জেলায় এ কার্যক্রম সম্প্রসারিত করা হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ৯ কোটি টাকা। ৫০ বছর বা তদুর্ধ্ব বয়সের ২৩৪০ জনকে অক্ষম ও অসচ্ছল হিজড়াদের বয়স্ক ভাতা ও মাসিক ৬০০ টাকা করে বিশেষ ভাতা দেওয়া হচ্ছে।
০৯ মে ২০১৭/ রুমকী






















































