
পূর্বাশা ডেস্ক:
রাজধানীর বনানীতে দ্য রেইন ট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণে অভিযুক্ত তিন আসামিসহ ঘটনায় জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে ‘ছাত্র-শিক্ষক-লেখক-শিল্পী-সাংবাদিক-সংস্কৃতিকর্মীবৃন্দ’।
বুধবার শাহবাগে এক সমাবেশ থেকে এই আল্টিমেটামের ঘোষণা দেন সমাবেশের সঞ্চালক রবীন আহসান।
তিনি বলেন, ৭২ ঘণ্টার মধ্যে যদি তাদের গ্রেপ্তার করা না হয়, তাহলে শাহবাগ থেকে বনানী পর্যন্ত অভিযাত্রা কর্মসূচি দেওয়া হবে। তারা বনানী থানার সামনে অবস্থান করবে। এই অভিযাত্রায় সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
উল্লেখ্য, গত ২৮ মার্চ ওই হোটেলে দ্য রেইন ট্রি হোটেলে বন্ধুর মাধ্যমে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন দুই তরুণী। এ সময় ধর্ষকরা ধর্ষণের চিত্র ভিডিও করে। এমনকি নানা ধরনের হুমকিও দেয় তারা। প্রাণের ভয়ে প্রায় ৪০ দিন চুপ থেকে তারা গত ৬ মে থানায় অভিযোগ করেন।
রুবেল মজুমদার






















































