শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

কুমিল্লায় গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ তৌহিদুল ইসলাম রাজিব (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ বুধবার ভোরে নগরীর চাঁনপুর চৌমহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার রাজিব নগরীর চাঁনপুর এলাকার শাহ আলমের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ডিবির এসআই শাহ কামাল আকন্দের নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম ও এসআই নজরুল ইসলামসহ ডিবির একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। অভিযানকালে আজ বুধবার ভোরে নগরীর চাঁনপুর বাস স্টেশনসংলগ্ন চৌমহনী এলাকায় মোটরসাইকেলসহ রাজিবকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়।

ডিবির এসআই শাহ কামাল আকন্দ জানান, গ্রেপ্তারকৃত রাজিবকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ডিবির এসআই নজরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

১০মে ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি