শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আবার বাড়ছে রেলের ভাড়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রেলের ভাড়া অরেক দফা বাড়াতে এরই মধ্যে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে। চলতি মাসের মধ্যে এটি চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরিচালন ব্যয়ের (অপারেটিং কস্ট) সঙ্গে সঙ্গতি রেখে প্রতি তিন বছর পর ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করছে বলে জানিয়েছেন তারা।

প্রায় ২০ বছর পর ২০১২ সালের ১ অক্টোবর রেলের ভাড়া বাড়ানো হয়। ওই সময়ে রেলের যাত্রী পরিবহনের কিলোমিটারপ্রতি ভিত্তি ভাড়া ২৪ থেকে বাড়িয়ে ৩৬ পয়সায় উন্নীত করা হয়। যদিও শতাংশের হিসাবে গড়ে প্রায় ৫০ শতাংশ ভাড়া বাড়ানো হয় ওই বছর। এর প্রায় আড়াই বছর পর ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি আরেক দফা ভাড়া বাড়ায় রেলওয়ে। ওই সময় কিলোমিটারপ্রতি ভিত্তি ভাড়া ৩৬ পয়সা থেকে বাড়িয়ে ৩৯ পয়সায় উন্নীত করা হয়। গড় ভাড়া বাড়ানো হয় ৭ দশমিক ২৩ শতাংশ। সর্বশেষ ২০১৫ সালের প্রস্তাবে প্রতি তিন বছর অন্তর পরিচালন ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে ভাড়া বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত দুই বছরের পরিচালন ব্যয় পুষিয়ে নিতে ১৭ শতাংশ হারে ভাড়া বৃদ্ধির প্রস্তাব চূড়ান্ত করতে যাচ্ছে রেলওয়ে। এটি কার্যকর হলে রেলের কিলোমিটারপ্রতি ভিত্তি ভাড়া দাঁড়াবে ৪৬ পয়সা।

রেলের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ভাড়া বৃদ্ধির বিষয়টি এখনো আলোচনা পর্যায়ে রয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনের ১৭ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তবে নিম্নশ্রেণীর যাত্রীদের ভাড়া না বাড়ানোর বিষয়টি রেলের বিবেচনায় আছে। প্রতিবেশী দেশগুলোর উচ্চশ্রেণীর যাত্রীদের ভাড়ার সঙ্গে সমন্বয় করে ভাড়া বাড়ানোর বিষয়টিও বিবেচনা করছে রেলওয়ে।

রেলের মহাপরিচালক মো. আমজাদ হোসেন বলেন, পার্শ্ববর্তী দেশের চেয়ে বাংলাদেশে ট্রেনের যাত্রী ভাড়া এখনো কম। রেলের বিপুল সংখ্যক কর্মীর বেতন-ভাতা বাড়লেও রেলের টিকিটের ভাড়া বাড়ানো নিয়ে এখনো সন্দিহান রেলওয়ে। জাতীয় গণপরিবহন হওয়ায় সেবার কথা চিন্তা করে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। এ-সংক্রান্ত প্রস্তাব রেলের পক্ষ থেকে দেয়া হলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

পূর্বাশানিউজ/১১-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি