
পূর্বাশা ডেস্ক:
অবাধে বিক্রি হচ্ছে শতাধিক প্রতিষ্ঠানের লেন্স। যাচাই বাছই কিংবা মান পরীক্ষা ছাড়াই এসব লেন্স কিনছেন ক্রেতারা। কোন স্থায়ী দোকানপাট ছাড়ই বিক্রেতারা হয়ে উঠেছেন লেন্স ব্যবসায়ী। অভিযোগ আছে, হাসপাতালের চিকিৎসকরাই লিখে দিচ্ছেন দালাল আর লেন্সের নাম। ফলে রোগীরাও কিনতে বাধ্য হচ্ছেন এইসব মান যাচাইহীন লেন্স। যা নষ্ট করেছে অনেকের চোখ।
ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের বেল তলায় কারো পিঠে কিংবা কাঁধে ঝুলানো থাকে ট্রাভেল ব্যাগ। আবার কারো হাতে বাজারের থলে। এ ব্যাগ থেকেই চলে চোখের লেন্সের বেচাকেনা। ডাক্তারদের ধরিয়ে দেওয়া তালিকায় থাকে দালালের ফোন নম্বর। আবার নির্দিষ্ট দালালের লেন্স না কিনলে রোগীর অপারেশন্সই হয় না বলেও অভিযোগ আছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অন্যকথা।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আকবর হোসেন চৌধুরী বলেন, ‘এভাবে লেন্স বিক্রি করার কোন নিয়ম নেই। আমার জানা মতে হাসপাতালের কোন ডাক্তাররাও এর সাথে জড়িত নেই।’
অনুসন্ধানে দেখা যায়, দালালরা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছেন এইসব লেন্স। মান যাচাই ছাড়া এ ধরনের লেন্সের ব্যবহার চোখের মারাত্মক ক্ষতি করতে পারে এমন আশংকা বিশেষজ্ঞ চিকিৎসকদের।
চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. শরফুদ্দিন আহমেদ বলেন, ‘এ জাতীয় লেন্স যদি প্রতিস্থাপন করা যায় তবে কখনো কখনো চোখের ইনফেকশন হলেও হতে পারে।’
ওষুধ প্রশাসন বলছে নিবন্ধনহীন কোম্পানির লেন্স ব্যবহারে ক্ষতির দায় নেবে না তারা। চারটি লেন্স আমদানিকারক প্রতিষ্ঠানকে নিবন্ধন আর দাম ঠিক করে তা হাসপাতালে টাঙানোর বাধ্যবাধকতা জারি করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। কিন্তু এই তালিকা দেখা যায়নি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে।
পূর্বাশানিউজ/১৪-,মে ২০১৭/মাহি






















































