সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গেইলের চেয়ে নারিনের রান বেশি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে গতবারের রানার আপ দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অথচ এই দলেই ছিল তারকা ক্রিকেটারদের সমাহার। বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, শেন ওয়াটসনরা খেলেছেন এই দলের হয়ে।

টি-টোয়েন্টি ক্রিকেটে দানবীয় ব্যাটসম্যান হিসেবে পরিচিত ক্যারিবীয় ক্রিকেটার ক্রিস গেইল। তিনি নামলে সবাই চার ছক্কার মার দেখার জন্য অপেক্ষা করেন। কিন্তু এবারের আইপিএলে ব্যাট হাতে ব্যর্থ তিনি। নয়টি ম্যাচ খেলে ২০০ রান করেছেন ক্রিস গেইল।

অথচ ক্যারিবীয় ক্রিকেটার সুনিল নারিন যিনি একজন স্পিনার হিসেবেই সবার কাছে পরিচিত তিনি ক্রিস গেইলের চেয়ে বেশি রান করেছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সুনিল নারিন এখন পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে করেছেন ২১৪ রান।

এবার নিয়মিত ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলছেন সুনিল নারিন। এখন পর্যন্ত তার স্ট্রাইক রেট ১৭৮.৩৩। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে মাত্র ১৫ বল হাফ সেঞ্চুরি করেছিলেন নারিন। ওই ম্যাচে ১৭ বল খেলে ৫৪ রান করে আউট হয়েছিলেন তিনি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর লিগ পর্ব থেকে বাদ পড়লেও কলকাতা নাইট রাইডার্স প্লে-অফে উঠেছে। আগামী ১৭ মে এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে গম্ভীর-নারিনদের দল।

পূর্বাশানিউজ/১৫-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি