মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » নিউজিল্যান্ডের স্পিনে ‘শ্বাসরোধ’ হবে বাংলাদেশের!


নিউজিল্যান্ডের স্পিনে ‘শ্বাসরোধ’ হবে বাংলাদেশের!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:ঝড়ো ব্যাটিং, স্পিনে শ্বাসরোধ। বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বুধবারের ম্যাচে এটাই নিউজিল্যান্ডের ‘রণকৌশল’। ব্ল্যাক ক্যাপদের অপেক্ষাকৃত দুর্বল বল বলেই মাশরাফি বিন মুর্তজাদের বিপক্ষে ম্যাচের আগে সতর্ক টম লাথামের দল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে ত্রিদেশীয় সিরিজে দলে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট, ব্যাটসম্যান মার্টিন গাপটিল, ব্যাটিং অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। একই কারণে থাকছেন না অ্যাডাম মিলনে। যদিও আইপিএল থেকে ফিরে পরের সপ্তাহে দলের সাথে যোগ দেবেন তিনি।

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই সিরিজের ছয়জনকে দেখা যাবে। ওই টুর্নামেন্টে বাংলাদেশ-নিউজিল্যান্ডের অবস্থান একই গ্রুপে। ইংল্যান্ডের ফ্ল্যাট উইকেট স্পিনসহায়ক বলে আগে থেকেই প্রস্তুতি সারছে নিউজিল্যান্ড। তারই ধারাবাহিকতায়, আয়ারল্যান্ডের মাঠে বাংলাদেশকে স্পিন শক্তিতে আটকে দিতে চায় ব্ল্যাক ক্যাপদের এই দলটি।  যদিও দলে মিশেল স্যান্টনার-ইশ সোধি-জিতান প্যাটেল ত্রয়ী স্পিনার থাকলে সে দলের শক্তির জায়গাটা বাড়ন্ত, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। আর প্রতিপক্ষ কন্ডিশনে সোধির লেগস্পিন দারুণ ভোগাবে তামিম-সৌম্যদের সেটাও অতীতে প্রমাণিত।

বুধবারের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শুরুতে টম লাথাম-রস টেইলর-লুক রঞ্চিদের ব্যাটে দ্রুত রান তোলার পরিকল্পনায় কোচ মাইক হেসন। একইভাবে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসাতে চান স্পিনারদের সাহায্যে।

হেসন বলেছেন, ‘আপনার এমন কিছু বোলার দরকার যারা প্রথম ১০ ওভারে দ্রুত উইকেট তুলে নিতে পারবে। সেক্ষেত্রে জিতান আমাদের জন্য কাজটি করবে। আমরা আসলে খানিকটা বৃত্তের বাইরে থেকে চিন্তা করছি। দলে এমন কিছু ক্রিকেটার আছে যারা বেশ বিধ্বংসী। উইকেটে সুইং না থাকলেও তারা দ্রুত উইকেট নেওয়ার যোগ্যতা রাখে।‘

একই কৌশল চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ধরে রাখতে চায় নিউজিল্যান্ড। কিন্তু ইংল্যান্ডের পাটা উইকেট হলেও সেখানে খুব একটা টার্ন পাবে না বোলাররা দাবি করেছেন হেসন। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের মাটিতে সাদা বল খুব একটা সুইং করছে না। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে প্রথম ১০ ওভারে দ্রুত উইকেট নেওয়াটা জরুরী হলেও, এমন উইকেটে সেটা করা কঠিন।’

গেল বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডে সফর করে বাংলাদেশ। সেখানে কখনও ব্যাট হাতে, কখনও বা বোলিংয়ে ইতিবাচক কিছু করে দেখিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু কোন ম্যাচে জয় পায়নি মুশফিক-মাশরাফিরা। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে আটটি জয় থাকলেও, বিদেশের মাটিতে ১৫ ম্যাচের সবগুলোতেই জিতেছে ব্ল্যাক ক্যাপ দল। আশার কথা হলো, রেকর্ডটি ভাঙার সুযোগ রয়েছে আয়ারল্যান্ডেই। অপেক্ষাকৃত কম শক্তির দল নিয়ে মাঠে নামবে লাথামরা, যেখানে পূর্ণ শক্তির বাংলাদেশ।

বুধবারের ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ডাবলিনে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম এবং শুভাশীষ রায়।

নিউজিল্যান্ড দল: টম লাথাম (অধিনায়ক), লুক রঞ্চি, জর্জ ওয়ার্কার, রস টেইলর, নেইল ব্রুম, জিমি নিশাম, কলিন মুনরো, স্কট কুগগিলিজন, মিশেল স্যান্টনার, শেথ র‍্যানস, ইশ সোধি, হামিশ বেনেট, হেনরি নিকোলস এবং নেইল ওয়াগনার।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি