
পূর্বাশা ডেস্ক:
সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের জন্য বঙ্গোপসাগরে বাংলাদেশের ইকোনমিক জোনে (তির থেকে ২০০ নটিক্যাল মাইল) ৬৫ দিন মাছ আহরণ নিষিদ্ধের গেজেট বহাল রেখেছেন হাইকোর্ট। এই ৬৫ দিন হলো ২০ মে থেকে ২৩ জুলাই।
আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
এক নটিক্যাল মাইল হলো প্রায় ১.১৫০৮ মাইলের সমান। অন্যভাবে বলা যায়, এক মাইলে ১৭৬০ গজ, আর এক নটিক্যাল মাইলে ২০২৫ গজ ।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ওই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দুই বছর আগে দেওয়া রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ আদালত এ রায় দেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ২০১৫ সালের ২০ মে মেরিন ফিশারিজ অরডিন্যান্সের গেজেট প্রকাশ করে। ওই গেজেটের ৫৫ ধারা অনুযায়ী, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মাছ ও চিংড়ি আহরণ নিষিদ্ধ। তবে ওই বছরের ৯ জুলাই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রিট আবেদন করা হলে হাইকোর্ট রুল জারি করে গেজেট স্থগিত করেছিলেন।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন এ বি এম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
পরে মোখলেছুর রহমান বলেন, হাইকোর্ট রুল খারিজ করে দেওয়ায় মাছ আহরণ নিষিদ্ধের গেজেট বহাল থাকল। এর ফলে বঙ্গোপসাগরে বাংলাদেশের ইকোনমিক জোনে ৬৫ দিন আর কেউ মাছ ধরতে পারবেন না।
পূর্বাশানিউজ/১৬-,মে ২০১৭/মাহি






















































