শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দুই বিশ্ববিদ্যালয়ছাত্রী ধর্ষণের তদন্ত কার্যক্রম দ্রুত শেষ হবে: ডিএমপি


দুই বিশ্ববিদ্যালয়ছাত্রী ধর্ষণের তদন্ত কার্যক্রম দ্রুত শেষ হবে: ডিএমপি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দ্রুত সময়ের মধ্যে বনানীতে দুই বিশ্ববিদ্যালয়ছাত্রী ধর্ষণের ঘটনার তদন্ত কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা ও অপরাধতথ্য (ডিবি) বিভাগের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

১৭ মে বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

যুগ্ম কমিশনার বলেন, মামলাটি পুলিশের উইমেন সার্পোট সেন্টারের অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ তদন্ত করছে। ঘটনার তদন্ত কার্যক্রমে সহায়তার জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) উচ্চ পার্যায়ের একটি কমিটিও গঠন করে দিয়েছেন।

তিনি বলেন, দুই তরুণী ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এখন সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

আব্দুল বাতেন আরও বলেন, এখনো এক আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। আসামিরা আদালতে ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে আশা করছি।

গত ২৮ মার্চ রাতে রাজধানীর বনানীর ‘রেইনট্রি’ হোটেলে পূর্বপরিচিত ‘আপন জুয়েলার্সের’ কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। এ ঘটনায় গত ৬ মে বনানী থানায় করা মামলায় ৫ জনকে আসামি করা হয়। সাফাত ছাড়া অন্য আসামিরা হলেন- সাফাতের বন্ধু সাদমান সাকিফ ও নাঈম আশরাফ এবং সাফাতের দেহরক্ষী ও গাড়িচালক।

১৭ মে ২০১৭, বুধবার/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি