
পূর্বাশা ডেস্ক:
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়ার একটি মাছের ঘেরে প্রশিক্ষণ বিমান থেকে ছিটকে পড়া ‘ডেমো বোমা’ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ এই ডেমো বোমাটি উদ্ধার করে।
পুলিশ বলছে, উদ্ধার করা ডেমো বোমাটি প্রশিক্ষণ বিমানে থাকে। ওয়াইএকে-১৩০ প্রশিক্ষণ বিমান থেকে এই ডেমো বোমাটি খুলে পড়ে গেছে।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি-চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই বিমানবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা জানিয়েছেন, আজ বিমানবাহিনীর একটি “নিয়মিত প্রশিক্ষণ বিমান” আকাশে উড্ডয়নরত ছিল। পেকুয়ার উজানটিয়া এলাকায় ওই বিমানটির সঙ্গে থাকা একটি ডেমো বোমা ছিটকে পড়ে। পরে ডেমো বোমাটি উদ্ধার করা হয়।’
সরেজমিনে দেখা যায়, ছিটকে পড়া বোমাটি ঘের থেকে তুলে বেড়িবাঁধের ওপর রাখা হয়েছে। পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় চৌকিদারেরা ডেমো বোমাটি ঘিরে রাখেন। কয়েক শ উৎসুক জনতা ভিড় করেন।
উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘যেভাবে ঘুরে ঘুরে শব্দ করে বস্তুটি আকাশ থেকে পড়েছে, তাতে আমরা প্রথমে বিমান বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করেছিলাম।’
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার মঙ্গলবার রাতে বলেন, ‘আমরা বিমানবাহিনীর লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি, প্রশিক্ষণরত বিমান থেকে এটি খসে পড়েছে। আতঙ্কিত হওয়ার কিছুই নেই। বিমানবাহিনীর পক্ষ থেকে লোকজন থানায় এসে ডেমো বোমাটি নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি ডায়েরি করা হবে।’
পূর্বাশানিউজ/১৭-,মে ২০১৭/মাহি






















































