মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » মাশরাফির ফেরার ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


মাশরাফির ফেরার ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। নিষেধাজ্ঞা থেকে ফিরে বাংলাদেশের হয়ে টস করতে নামেন মাশরাফি বিন মুর্তজা। তবে টসে জয়লাভ করেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড।

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচের ভেন্যু মালাহাইডের তুলনায় ক্লনটার্ফ মাঠটি একটু ছোট। তবে আউটফিল্ড বেশ ভালো বলে জানা গেছে। এমনকি উইকেটও আগের ভেন্যুর মতো ততোটা সবুজ নয়। পুরো পেস-বান্ধব উইকেট। বিদেশের মাটিতে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো হারানোর লক্ষ্যে মাঠে নেমেছে মাশরাফিবাহিনী।

মাশরাফির ফেরার দিন দল থেকে বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নয় ওভারে ৪১ রানের খরচায় তিন উইকেট পাওয়া অভিষিক্ত স্কট কুগগেলেইজিনের জায়গায় একাদশে এসেছেন হামিশ বেনেট।

দুই পয়েন্ট নিয়ে চলমান এই সিরিজের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান সবার নিচে। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুই দলকে পয়েন্ট ভাগ করে দেয়া হয়েছিল। এরপর গত ১৪ মে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৫১ রানে হারায় নিউজিল্যান্ড। ফলে, চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সেরা অবস্থানে রয়েছে কিউইরা। দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে স্বাগতিক আয়ারল্যান্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ২৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে বাংলাদেশ জয় পেয়েছে আটটিতে। ২০টিতে জিতেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের পাওয়া এই আটটি জয়ই এসেছে ঘরের মাটিতে। বিদেশের মাটিতে নিউজিল্যান্ডকে এখনও হারাতে পারেনি মাশরাফিরা। সর্বশেষ তিন ম্যাচের সিরিজে ঘরের মাঠে বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দেয় নিউজিল্যান্ড।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

১৭ মে ২০১৭, বুধবার/ রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি