শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘তোর ছেলের পাপের জন্য আজ আমাদের এই পরিণতি’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুম থেকে আটক সাড়ে ১৩ মণ স্বর্ণের কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি মালিকপক্ষ। নিজেরা অকপটে স্বীকার করে এসেছেন যে, স্বচ্ছভাবে স্বর্ণ ক্রয় করা হয়নি। এসব স্বর্ণ বিভিন্ন সোর্সের মাধ্যমে ক্রয় করা হয়। বিপরীতে কোনো কাগজপত্রও নেই। এ জন্য ১৫ দিন সময় প্রার্থনা করেছেন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদসহ অংশীদার দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদ। গতকাল বুধবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পূর্বনির্ধারিত তলবের দিনে হাজির হন তারা। দুপুরে জিজ্ঞাসাবাদকালে দিলদারের সঙ্গে দুই ভাইয়ের তুমুল ঝগড়া লাগে। এ সময় গুলজার ও আজাদ দিলদারকে উদ্দেশ করে বলেন, ‘তোর ছেলের (ধর্ষক সাফাত) আকামের জন্য আজ আমাদের ব্যবসা লাটে উঠেছে। কেউ কি এসব ধরতে যেত। তোর ছেলের পাপের জন্য আজ আমাদের এই পরিণতি।’ ঝগড়ার একপর্যায় গোয়েন্দা কর্মকর্তারা তিন ভাইকে শান্ত করেন। তাদের ঝগড়া থামান। এ সময় দিলদার বিমর্ষ ছিলেন। দুই ভাইয়ের কথার কোনো উত্তর দেননি। মাথায় দুই হাত দিয়ে বেশ কিছু সময় চুপ করেছিলেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হলে তিনি মাথা নিচু করেই সব কথা খুলেন বলেন। শুল্ক গোয়েন্দাদের দায়িত্বশীল কর্মকর্তারা মানককণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকালের জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের কাছে সত্য কথা বললেও বাইরে এসে গণমাধ্যমকে দিলদার আহমেদ সেলিম দাবি করেন, তার স্বর্ণালঙ্কার বৈধ। কিন্তু অধিদফতরে তিনি লিখিত দেন যে, তার কোনো বৈধ কাগজপত্র নেই। অস্বচ্ছভাবে তিনি স্বর্ণ কিনেছেন। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য শুল্ক গোয়েন্দারা দিলদারের আবেদনের প্রেক্ষিতে তাকে ১৫ দিনের সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে ক্রয়সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখাতে না পারলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন গোয়েন্দারা। গতকাল দিলদারসহ অন্য দুই ভাইকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

শুল্ক গোয়েন্দারা জানান, ব্যাখ্যাহীনভাবে স্বর্ণ ও হীরা মজুদের ব্যাখ্যা জানতে আপন জুয়েলার্সের তিন মালিক দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে শুল্ক অধিদফতরে তলব করা হয়েছিল। অবৈধভাবে মদ মজুদ এবং ভ্যাট ফাঁকির ব্যাখ্যা জানতে একই সময়ে তলব করা হয় বনানীর হোটেল রেইন ট্রি কৃর্তপক্ষকেও। গতকাল বেলা ১১টার সময় তাদের অধিদফতরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হলে জুয়েলার্স কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর প্রায় একই সময়ে সেখানে হাজির হন আপন জুয়েলার্সের মালিক তিন ভাই। পৃথক তিনটি গাড়িতে তারা সেখানে যান। গাড়ি থেকে নেমে তারা সরাসরি আইডিইবি ভবনের ১০ম তলায় শুল্ক গোয়েন্দা দফতরে যান। এ সময় তাদের সঙ্গে একজন আইনজীবীও ছিলেন। তিন ভাইকে এ সময় বেশ বিমর্ষ দেখাচ্ছিল। তারা বেশ কিছুক্ষণ শুল্ক গোয়েন্দা অধিদফতরে মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খানের কক্ষের বাইরে ওয়েটিং রুমে ছিলেন। সাংবাদিকদের সেখানে তাদের সঙ্গে দেখা করার অনুমতি দেয়া হয়নি।

অধিদফতরের উপপরিচালক শফিউর রহমান জানান, পরিচালক একটি টিম ঠিক করে দিয়েছেন। ওই টিম আপন জুয়েলার্সের মালিকদের জিজ্ঞাসাবাদ করেছে। দুপুর সাড়ে ১২টা থেকে ৫টা পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে শুল্ক গোয়েন্দা বিভাগ থেকে বের হয়ে আপন জুয়েলার্সের অন্যতম মালিক ও বনানী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাতের বাবা দিলদার আহমেদ সাংবাদিকদের জানান, শুল্ক বিভাগের কাছে তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ১৫ দিনের সময় চেয়েছেন। তিনি দাবি করেন তাদের কাছে কোনো অবৈধ মালামাল (স্বর্ণ-হীরা) নেই। তিনি বলেন, গত ৪০ বছর ধরে আমরা ব্যবসা করছি। কোনো অবৈধ জিনিস আমাদের কাছে নেই। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের অধিকার আছে আমাদের দোকান সার্চ করার। তারা তা করেছেন। আমরা সময় চেয়েছি কাগজ শো করার। আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেব।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান সাংবাদিকদের জানান, আপন জুয়েলার্স কর্তৃপক্ষ জব্দকৃত স্বর্ণের বিপরীতে এক কেজিরও বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এতে করে এটাই প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে ডার্টি মানি ও চোরাচালানের যে অভিযোগ আমরা করেছি প্রাথমিকভাবে তাই প্রমাণিত হয়েছে। তিনি আরো বলেন, আপন জুয়েলার্স কর্তৃপক্ষ আমাদের কাছে সময় চেয়েছে। আমার তাদেরকে তা দিয়েছি। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তাদের প্রয়োজনীয় কাগজ জমা দিতে সময় দেয়া হয়েছে।

রোববার শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের সহকারী কমিশনার দিপা রাণী হালদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বনানীর হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম ও তার ছেলে সাফাত আহমেদের চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। কোনো কোনো তথ্য দেখা যায়, মেসার্স আপন জুয়েলার্সের মালিকরা অবৈধ ব্যবসার আড়ালে ‘ডার্টি মানি’ অর্জন করেছেন, যা মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধ। এ ঘটনায় (ধর্ষণ) ‘ডার্টি মানি’র যোগসূত্র রয়েছে বলেও প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে অবৈধ ব্যবসার অভিযোগটি খতিয়ে দেখাকে ‘পাবলিক ডিমান্ড’ হিসেবে দেখছেন শুল্ক গোয়েন্দারা। এরই অংশ হিসেবে ১৪ ও ১৫ মে আপন জুয়েলার্সের ৫টি শোরুমে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ১৩ মণ স্বর্ণালঙ্কার আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপপরিচালক এইচ এম শরিফুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপন জুয়েলার্সের প্রতিটি শাখায় রিপেয়ারিং এবং এক্সচেঞ্জের জন্য গচ্ছিত গ্রাহকদের স্বর্ণ এবং অন্যান্য মূল্যবান অলঙ্কার আগামী ২২ মে সোমবার ফেরত দেয়া হবে। গ্রাহকদের গচ্ছিত অলঙ্কারে বিপরীতে প্রয়োজনীয় রিসিট নিয়ে আসার জন্য বরা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা আপন জুয়েলার্সের মালিকপক্ষ তাদের গ্রাহকদের জানিয়ে দেবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

একই বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণের অবৈধ ব্যবসা বন্ধে বাংলাদেশ ব্যাংককে বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানির অনুমতির আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য বলা হয়েছে। এ ছাড়া শুল্ক গোয়েন্দাসহ অন্যান্য সংস্থা কর্তৃক জব্দকৃত স্বর্ণ দ্রুত নিলামের মাধ্যমে বিক্রির জন্যও অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে। এদিকে শুল্ক গোয়েন্দা অধিদফতরে না এসে আইনজীবীর মাধ্যমে এক মাসের সময় চেয়ে আবেদন করেন রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ মো. আদনান হারুন।

রেইন ট্রির মালিকের আইনজীবী জাহাঙ্গীর কবির সাংবাদিকদের জানান, তলবে হাজির হওয়ার জন্য প্রস্তুতি নেয়ার সময় আদনান হারুন অসুস্থ হয়ে পড়েন। এ কারণেই তিনি আসতে পারেননি। বিষয়টি তিনি আমাদের জানালে আমাদের পক্ষ থেকে এক মাসের সময়ের আবেদন করি। পরে ডিজি মহোদয় আমাদের ২৩ মে বেলা ১১টায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আদনানেন হাই প্রেসারসহ নানাবিধ অসুখ আছে বলে জানান তার আইনজীবী। আদনান হারুন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি বজলুল হক হারুনের ছেলে। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ডা. মঈনুল খান বলেন, রেইনট্রির ব্যবস্থাপনা পরিচালক অসুস্থতার কথা বলে এখানে আসেননি। কিন্তু তার পক্ষে কোনো কাগজপত্রও আইনজীবীরা দেখাতে পারেননি। আগামী ২৩ মে তাদের আসতে বলা হয়েছে। সেদিন না এলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে।

বনানীতে দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় আলোচনায় আসে রেইনট্রি হোটেলটি। এ ঘটনায় মামলার পর গত ১৩ মে হোটেলটিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরদিন যায় শুল্ক গোয়েন্দারা। মাদক কর্মকর্তারা না পেলেও শুল্ক কর্মকর্তারা হোটেলটি থেকে ১০ বোতল মদ উদ্ধার করে। যদিও হোটেলটির মদ বিক্রির কোনো অনুমোদন ছিল না। এ ছাড়া হোটেলটির বিরুদ্ধে ভ্যাট ফাঁকি দেয়ারও প্রাথমিক প্রমাণ পায় শুল্ক গোয়েন্দারা। গত ১৫ মে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে হোটেলটির মালিক শাহ মো. আদনান হারুনকে তলব করে শুল্ক গোয়েন্দা অধিদফতর। তাকে গতকাল বুধবার অধিদফতরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে আসামিরা-যুগ্ম কমিশনার: রাজধানীর বনানীতে দুই তরুণী ধর্ষণ মামলার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে বলে আশা প্রকাশ করেছেন ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য (ডিবি) বিভাগের যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন। গতকাল বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনার তদন্ত কার্যক্রম দ্রুতই শেষ হবে।

চাঞ্চল্যকর এই ধর্ষণ মামলার অধিক তদন্তে ডিএমপি কমিশনারে নির্দেশে গঠিত উচ্চপর্যায়ের কমিটির অন্যতম সদস্য যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন মামলার অগ্রগতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, দুই তরুণী ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আসামিদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এখনো এক আসামি পলাতক, তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

এ মামলার প্রথম তদন্ত করে বনানী থানা-পুলিশ। পরে ডিএমপি কমিশনারের নির্দেশে মামলার তদন্তভার পুলিশের উইমেন সাপোর্ট সেন্টার অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগকে দেয়া হয়। সে সঙ্গে ছায়াতদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাব।

গত ২৮ মার্চ বনানীর দ্য রেইন ট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ করে অস্ত্রের মুখে রাতভর আটকে রেখে ধর্ষণ করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে। এ ঘটনায় গত ৬ মে বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন ঘটনার শিকার এক ছাত্রী। মামলার পাঁচ আসামি হলেন- আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও তার দেহরক্ষী আবুল কালাম আজাদ।

পূর্বাশানিউজ/১৮-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি