
পূর্বাশা ডেস্ক:
বিএনপির ভিশন ২০৩০-কে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘তবুও তো তারা একটা পথে এসেছে। আমরা দিয়েছি বলেই তারা দিয়েছে। মানুষ তো মানুষকে দেখেই শেখে। সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। অন্তত এত যুগ পরে তাদের একটু মাথায় এলো তারা ভিশন ২০৩০ দিয়েছে। তারা শিখেছে।’
আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের এক বর্ধিত সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। তবে বিএনপি ক্ষমতায় গেলেই ‘লুটপাট করবে’ মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের এ ভিশনের লক্ষ্যই হচ্ছে লুটপাট। তারা ক্ষমতায় গেলে আবারো হাওয়া ভবন, খোয়াব ভবনসহ আরো নতুন ভবন খুলবে।’
সভায় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও জাতীয় কমিটি এবং সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর সম্পাদক, উপদফতর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদকেরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। তার কাছ থেকে সবাই শিখবে। এটা খুব স্বাভাবিক কথা। তারা (বিএনপি) যদি নকল করেও পাস করতে চায়, করতে পারবে। সেটা বাংলাদেশের মানুষ বিবেচনা করবে।’
তবে বিএনপির ভিশন ২০৩০-এর বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা অর্থসম্পদ লুটপাট করে, মানিলন্ডারিং করে, এতিমের টাকা চুরি করে খায়; তারা এ দেশে দেবেটা কী? আমি যদি বিএনপি শাসনামল, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের তুলনা করি; তবে এই ভিশন একটা ভীষণ অগ্নিকাণ্ড করে মানুষ হত্যাকাণ্ড করার কথা মাথায় আসে। সামনে এসে যায় বিভীষিকাময় অবস্থা, যা সৃষ্টি করেছিল বিএনপি। যারা এ অবস্থা সৃষ্টি করেছিল, তারা জাতিকে কিছুই দিতে পারে না; এটাই হলো বাস্তবতা। কিন্তু জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ বাদ দিয়ে তারা জাতির সামনে কিছু তুলে ধরেছে।’
দেশ পরিচালনায় বিএনপি ব্যর্থ হওয়ার বিপরীতে তার দলের সফলতা দাবি করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ যা বলে তা করে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, এটা এমনি এমনি হয়নি, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেশ চালাই না। আমরা দেশ চালাই, দেশের সমস্যা আমরা জানি। আমরা জানি, এ দেশের মানুষের সমস্যা কী। আমরা জানি, কোন এলাকায় কী অবস্থা আছে।’
সরকারের উন্নয়ন কার্যক্রমগুলো যেন যথাযথভাবে বাস্তবায়ন হয় এবং কোনো অনিয়ম যেন না হয়; সে দিকে দৃষ্টি রাখতে আওয়ামী লীগ নেতাদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
বর্ধিত সভায় উপস্থিত জেলা নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘মনে রাখতে হবে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ যে, জাতিকে আমরা একটা উন্নত জীবন দেবো। জাতির কাছে দেয়া ওয়াদা আমাদের পূরণ করতে হবে। যাতে শিক্ষাদীক্ষায় সব দিক থেকে এ দেশের মানুষ উন্নত জীবন পেতে পারে।’
দলের তৃণমূল নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘ক্ষমতা ভোগের বস্তু নয়। ক্ষমতা হচ্ছে দায়িত্ব পালন করার একটা সুযোগ। এই সুযোগ আমরা পেয়েছি। জনগণের কল্যাণে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘণ্টা, প্রতিটি দিন, প্রতিটি মাস, প্রতিটি বছর জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। এর আগে আমাদের কোনো বিশ্রাম নেই।’
জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘এর সাথে যেই জড়িত থাক রেহাই পাবে না। আমার দলের কেউ জড়িত থাকলেও তাকে ছাড়ব না।’
বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘জঙ্গি মরলেই খালেদা জিয়া আহা-উহু করে। তাদের সাথে ওনার যোগাযোগটা কী বের করতে হবে।’
পরে তৃণমূল নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় কয়েকটি জেলার নেতারা তাদের বক্তব্য উপস্থাপন করেন। শেষে তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
পূর্বাশানিউজ/২১-,মে ২০১৭/মাহি






















































