
পূর্বাশা ডেস্ক:
শুধু চিকুনগুনিয়া নয়, ডেঙ্গও ছড়িয়ে পড়ছে রাজধানীতে। ২৪ ঘণ্টায় ৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। চলতি বছরের এই পর্যন্ত ২০৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. আয়েশা আক্তার মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছেন। এডিস মশার মাধ্যমে চিকুনগুনিয়া ও ডেঙ্গু এ দুটি জ্বরই মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে। রাজধানীর হাসপাতালগুলোতে বিশেষ করে বেসরকারি হাসপাতালে প্রচুর রোগী আসছেন। রাজধানীর ধানমন্ডি সেন্টাল হাসপাতালে ৪৭ জন, এ্যাপোলো হাসপাতালে ৭৪ জন, ঢাকা মেডিকেলে ১২ জন, ইউনির্ভাসেল মেডিকেল অ্যান্ড হাসপাতালে ৯ জন, ইসলামি ব্যাংক হাসপাতালে ৫ জন, ল্যাবএইড হাসপাতালে ১১ জন, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং ইবনে সিনা হাসপাতালে ৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। কন্ট্রোল রুম সূত্র জানা গেছে, জানুয়ারিতে ৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। র্ফেরুয়ারিতে এই সংখ্যা ছিল ৫২ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩৪ জন এবং ২১ শে মে পর্যন্ত ৩৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ৫ জন ছাড়া অন্যরা রোগীরা সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। বেসরকারি হাসপাতালের অথবা প্রাইভেট চেম্বারের চিকিৎসকেরা জানিয়েছেন, তারা চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীও পাচ্ছেন। ভাইরাসজনিত এ জ্বরের ব্যবস্থাপনা এখন জানা আছে বলে চিকিৎসায় কোনো সমস্যা হচ্ছে না। ২০০০ সালের মতো মারাত্মক পর্যায়েও যাচ্ছেন না রোগীরা। ২০০০ সালে ঢাকায় পাঁচ হাজার ৫৫১ ডেঙ্গু রোগী হিসেবে শনাক্ত করা হয়। ওই বছর ৯৩ জন মারা যান এ জ্বরে রোগটি বাংলাদেশে নতুন বলে। তখন চিকিৎসকেরা চিকিৎসা জানতেন না।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া জ্বরে আক্রান্তদের আমরা হাসপাতালে ভর্তি করতে চাই না। কারণ এটা ঘরে রেখেই চিকিৎসা দেয়া সম্ভব। এ সস্পর্কে এখনকার মানুষ বেশ সচেতন। জ্বরের রোগী ভর্তি করলে আমরা অন্য গুরুতর রোগীর চিকিৎসা করতে পারব না। অধ্যাপক আবুল কালাম আজাদ আরও বলেন, ডেঙ্গু অথবা চিকুনগুনিয়ার প্রায় একই ধরনের চিকিৎসা। কেবল প্যারাসিটামল ছাড়া কোনো ব্যথানাশক অথবা স্টেরয়েড দেয়া যাবে না রোগীকে। স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া জ্বরই হোক তা নিয়ন্ত্রণ করতে হলে মশার বিস্তার কমাতে হবে। এডিস মশার দুইটি প্রজাতি এডিস ইজিপ্টাই ও এডিস অ্যালবুপিকপকটাসের মাধ্যমে মানুষের মধ্যে ছড়াচ্ছেন আবার মানুষ থেকে মশার মাধ্যমে আসছে। পরে মশা থেকে আবার মানুষকে সংক্রমিত করছে। একবার ডেঙ্গু আক্রান্ত হলে বার বার ডেঙ্গু হওয়ার আশঙ্কা থাকলেও একবার চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে আর কখনো আক্রান্ত ব্যক্তি চিকুনগুনিয়ায় আক্রান্ত হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। অন্যান্য মশা ময়লা নোংরা পানিতে বংশ বিস্তার করলেও এডিস মশা এর ব্যতিক্রম, পরিষ্কার পানিতে ডিম ছাড়ে। সহজে চোখে পড়ে না এমন জায়গার পরিষ্কার পানিতে এ মশারা ডিম ছাড়ে। ফলে শহরে বিশেষ করে অভিজাত এলাকায় এডিস মশা বেশি দেখা যায়।
ডেঙ্গুর চিকিৎসা সম্বন্ধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের অধ্যাপক খান আবুল কালাম আজাদ জানিয়েছেন, ডেঙ্গুজ্বর হলে প্রচুর পানি পান করতে হবে ও পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। জ্বর বাড়লে প্যারাসিটামল জাতীয় ওষুধ অথবা আরো বেশি জ্বর হলে তা কমিয়ে রাখার জন্য সাপোজিটরি ব্যবহার করতে হবে। ডেঙ্গুর চিকিৎসা বাড়িতে রেখেও হতে পারে। বেশি দুর্বল বা শরীর পানিশূন্য হয়ে পড়লে, নাক ও দাঁত দিয়ে রক্ত ঝরতে থাকলে হাসপাতালে নেয়াই ভালো। ডেঙ্গুজ্বর সাধারণত ১০ দিনের মধ্যে সেরে যায়। কিন্তু দুর্বলতা আরো কিছু দিন থেকে যেতে পারে। ভাইরাসজনিত জ্বর বলে এর কোনো চিকিৎসা নেই। কেবল লক্ষণ বুঝেই চিকিৎসা দিতে হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ বিষয়ে আগাম সতর্কতা এবং প্রতিরোধ ব্যবস্থা নেয়া জরুরি উল্লেখ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইসস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার বলেছেন, এবছর হঠাৎ ভারী বর্ষণ আসন্ন বর্ষা মৌসুমে মশার বংশবিস্তারের কারণে মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে। তাই আমাদেরকে সচেতন হবে। স্থাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৬ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬০৬০ জন, মারা গেছে ১৪ জন। ২০১৫ সালে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬২জন, মারা গেছে ছয়জন। ২০১৪ সালে ভর্তি হয়েছেন ৩৭৩ জন। কেউ মারে যাননি। ২০১৩ সালে ১৪৭৮ জন, ২০১২ সালে ১২৮৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
পূর্বাশানিউজ/২২-,মে ২০১৭/মাহি






















































