
পূর্বাশা ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সৌদি আরবের বাদশাহর দাওয়াতে প্রধানমন্ত্রী যাবেন না? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গায় খালেদা জিয়ার কথা হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লসিত হতেন।’
২৩ মে মঙ্গলবার রাজধানীর বিমানবন্দর সড়কে বিআরটিএর চলমান মোবাইল কোর্ট পরিদর্শনে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের প্রেক্ষিতে এ সব কথা বলেন তিনি।
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনকালীন মুসলিমবিরোধী নানা বক্তব্যের দিকে ইঙ্গিত করে ২২ মে সোমবার মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন, ‘তার (ট্রাম্প) সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। পৃথিবীর সব মানুষই জানেন তিনি কী করছেন, কী কথা বলছেন। আজকে দুর্ভাগ্য আমাদের, সেইখানে আজকে এই ট্রাম্প প্রায় সভাপতিত্ব (সম্মেলনে) করছেন বলা যায়। আর সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছেন।’
ওবায়দুল কাদের বলেন, যে অফিসে গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র হয়েছে, সেই অফিসকে বলছে গণতন্ত্রে প্রতীক। সবাই যানে সেখান থেকে ১৬৫ জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। সৌদি আরবে এমন একটা সম্মেলন সেখানে মুসলিম ৫০টি দেশের প্রতিনিধি এসেছিল। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট এসেছিল। এইটা নিয়ে বিতর্ক সৃষ্টি করার কি আছে।
তিনি বলেন, বিএনপি এখন বেপরোয়া গাড়ির বেপরোয়া ড্রাইভারের মতো হয়ে গেছে। কখন যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। সেটাই আমাদের জন্য আতঙ্ক। বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে নতুন ইস্যু তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের এ নেতা বলেন, খালি একটার পর একটা ইস্যু খুঁজেন। ইস্যু না পেলেও ইস্যু খুঁজে, তাদের এখন ইস্যু খুঁজা ছাড়া আর কিছু নেই। একটার পর একটা ইস্যু। সব ইস্যু শেষ পর্যন্ত মাঠে মারা যায়, তারপরও ইস্যু খুঁজে। এটা বিএনপির পুরোনো অভ্যাস।
পূর্বাশানিউজ/২২-,মে ২০১৭/রুমকী






















































