
পূর্বাশা ডেস্ক:
আসন্ন রমজানের ঈদে ঘরমুখী যাত্রীদের সেবা নিশ্চিত করতে বিআরটিসি’র ৯০০ বাস প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২৪ মে বুধবার সকালে রাজধানীর কমলাপুর বাস ডিপোতে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এই ৯০০ বাসের পাশাপাশি তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবিলায় মহাখালী, গাবতলী, যাত্রাবাড়ি ও সায়েদাবাদ টার্মিনালে পঞ্চাশটি বাসও প্রস্তুত রাখা হবে। যাত্রীসেবা প্রদানের বিষয়াদি তদারক করতে খোলা হবে নিয়ন্ত্রণকক্ষ। ৯০০টি বাসের মধ্যে ৪৬৬টি বাস জেলা-উপজেলা পর্যায় পর্যন্ত যাবে।
সেতুমন্ত্রী আরও বলেন, ঈদের সময়ে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিসি’র তিনটি মনিটরিং টিম রাখা হবে। এছাড়া সড়কে যানবাহনের কোনো প্রকার সমস্যা হলে তাৎক্ষণিকভাবে মেরামতের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট চারটি কারিগরি টিম টাঙ্গাইল, বগুড়া, রংপুর এবং কাঁচপুর ব্রিজ এলাকায় স্ট্যান্ডবাই রাখা হবে।
তিনি বলেন, ঈদের সাতদিন আগ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদ পরবর্তী তিনদিন পর্যন্ত স্পেশাল সার্ভিস চলবে। ঈদের সময় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া আদায় করতে দেওয়া হবে না। ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে রাখতে সড়কে ট্রাফিক পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত থাকবে।
বিআরটিসির শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনুন। দুর্নীতি বন্ধ করতে হবে। জনগণ যেসব অভিযোগ করে সেবসব অভিযোগ অমূলক নয়।
এ সময় তিনি জানান, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বিআরটিসি’র জন্য ৬০০ বাস এবং ৫০০ ট্রাক সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ বাস ও ট্রাকের বহর ঢাকায় আসতে শুরু করবে।
পূর্বাশানিউজ/২৪-,মে ২০১৭/রুমকী























































