
পূর্বাশা ডেস্ক:
চার দিনের সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাত দেড়টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এদিকে, আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলন শেষে মঙ্গলবার (২৩ মে) স্থানীয় সময় বিকেল সোয়া ৪টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টা) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট বিজি ০০৩৬ (রাঙাপ্রভাত) জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করে।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে আরব ইসলামিক-আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে গত ২০ মে প্রধানমন্ত্রী রিয়াদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে শেখ হাসিনা মক্কার হারেম শরীফে (ক্বাবা) পবিত্র ওমরাহ পালন করেন এবং মদিনা শরীফে মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।
‘জয় আমাদেরই হবে’ এই স্লোগান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সম্মেলনে ৫৬ আরব ও মুসলিম দেশের নেতারা সন্ত্রাসবাদ মোকাবেলা ও জঙ্গিদের অর্থায়ন প্রতিরোধে পথ খুঁজে বের করার বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তার লিখিত বক্তৃতায় বিশ্ব নেতৃবৃন্দের কাছে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের কাছে অস্ত্রের যোগান দেয়া বন্ধ করার আহ্বান জানান। সম্মেলনে শেখ হাসিনা জঙ্গিবাদ দমনে বেশ কয়েকটি প্রস্তাব পেশ করেছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায়ী অভ্যর্থনা জানান জেদ্দার গভর্নর যুবরাজ মিশাল বিন মজিদ বিন আব্দুল আজিজ ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
পূর্বাশানিউজ/২৪-,মে ২০১৭/মাহি






















































