শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকে রক্ত দিল ভারতীয় সেনারা


বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকে রক্ত দিল ভারতীয় সেনারা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

”মানুষ মানুষের জন্য। ভৌগলিক সীমা কখনো মানবতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। ” -এই কথাই যেন প্রমাণ করলেন ভারতীয় সেনারা। রক্ত দিয়ে বাংলাদেশ সেনা বাহিনীর একজন সাবেক কর্মকর্তার জীবন বাঁচাতে এগিয়ে এলেন ভারতীয় সেনারা।

বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তার নাম মেজর ফারুক আহমেদ। তিনি দূরারোগ্য রক্ত শূন্যতা রোগে ভুগছেন।

ফারুক আহমেদ অসুস্থ হয়ে ঢাকার সিএমএইচ-এ ভর্তি হলে তিনি এক দূরারোগ্য রক্ত শূন্যতা রোগে ভুগছেন বলে জানান চিকিৎসকরা। পরে উন্নত চিকিৎসার জন্যে তিনি কলকাতার টাটা মেডিকেল সেন্টার ক্যান্সার হাসপাতালে ভর্তি হন।

ফারুক আহমেদের মেয়ে ফারিহা বিনতে ফারুক জানান, চিকিৎসা শুরুর আগেই ফারুকের জীবন রক্ষার জন্যে প্রচুর রক্তের প্রয়োজন হয়। কিন্ত কলকাতায় তাদের পক্ষে রক্ত সংগ্রহ করা কঠিন হয়ে পড়লে শঙ্কায় পড়ে যান। বিষয়টি দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হামিদ জানতে পারলে ভারতীয় সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে ভারতীয় সেনা বাহিনীর পক্ষে থেকে জীবন রক্ষায় দ্রুত রক্ত দানের ব্যবস্থা করা হয়।

গত ২২ মে (সোমবার) ভারতীয় সেনা বাহিনীর ১৬ জন সদস্য ওই হাসপাতালে গিয়ে ফারুক আহমেদকে রক্ত দিয়ে গেছেন এবং প্রয়োজনে তারা আরও রক্ত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান ফারিহা।
পূর্বাশানিউজ/২৪-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি