সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ট্রান্সশিপমেন্টে বাংলাদেশকে ড্রেজিং সহায়তা দেবে ভারত


ট্রান্সশিপমেন্টে বাংলাদেশকে ড্রেজিং সহায়তা দেবে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশের নদীগুলো দিয়ে উত্তর-পূর্ব ভারতে মালামাল পরিবহন সহজ করতে ড্রেজিং পরিকল্পনার জন্যে প্রয়োজনীয় খরচের ৮০ ভাগ যোগান দেবে ভারত। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি ভারতীয় রুপি। যমুনা, ও কুশিয়ারা নদী দিয়ে আশুগঞ্জ ও করিমগঞ্জ নৌপথে ভারত থেকে মালামাল পরিবহণ করে নিয়ে যাওয়া হয় উত্তর-পূর্ব ভারতে। এ পরিবহন নদীতে নাব্যতার কারণে যাতে ক্ষতিগ্রস্ত না হয় ও নিরবিচ্ছিন্ন থাকে সে কারণেই এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশের কুশিয়ারা নদী ভারতে বরাক হিসেবে পরিচিতি। আবার কোলকাতা থেকে বাংলাদেশের এ নৌপথ হয়ে উত্তর-পূর্ব ভারতে মালামাল নেওয়ার ক্ষেত্রে এধরনের নদী খনন বা ড্রেজিং সাহায্য করবে।

ভারতের অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান প্রবীর পান্ডে জানান, এ প্রকল্পের জন্যে দরপত্র আহবান করবে বাংলাদেশের অভ্যন্তরীয় নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। দুটি দেশের কোম্পানি এ দরপত্রে অংশ নিতে পারবে।

গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় এব্যাপারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। গত বছর ত্রিপুরা সীমান্তে আশুগঞ্জ বন্দর দিয়ে ট্রান্সশিপমেন্টে ভারতীয় পণ্য উত্তরপূর্ব ভারতে পাঠানোর প্রস্তাবে বাংলাদেশ রাজি হয়। গত এক বছরে আশুগঞ্জ বন্দর দিয়ে ভারত ৩ কনসাইন্টে  মালামাল উত্তরপূর্ব ভারতে নিয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার প্রতি টন মালামাল পরিবহনে ট্রান্সশিপমেন্ট খরচ ১৯২ টাকা নির্ধারণ করলে এ নিয়ে বিতর্ক তৈরি হয়।

আশুগঞ্জে বন্দর সুবিধা অস্থায়ী এবং এর উন্নয়নে ঢাকা এ বন্দর উন্নয়নে পরিকল্পনা নিয়েছে। এজন্যে ব্যয় করা হবে ২ বিলিয়ন ডলার। এবং তৃতীয় ধাপে আরো ৫ বিলিয়ন ডলার ঋণ প্রস্তাব পাওয়া গেছে।

বাংলাদেশের নদী পথে ভারতীয় মালামাল পরিবহনে সিরাজগঞ্জ-দইখাওয়া নৌ রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নৌ রুট নাব্যতা বজায় থাকলে ভারতের অরুনাচল প্রদেশ সংলগ্ন আসাম থেকে বাংলাদেশ হয়ে উত্তর প্রদেশের বারানসি মালামাল পাঠাতে ৪ হাজার কিলোমিটার নৌপথ কার্যকর হয়ে উঠবে। ভারত ইতিমধ্যে বারানসি কোলকাতা নৌপথ উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তায় ৫ হাজার ৩৬৯ কেটি রুপি খরচে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। বাংলাদেশের অংশে নদীপথে নাব্যতা বজায় রাখা সম্ভব হলে সারাবছর দেড় থেকে ২ হাজার টন মালামাল পরিবহন করে এমন জাহাজ অবাধে যাতায়াত করতে পারবে।

এধরনের আরো একটি প্রকল্প দইখাওয়া সীমান্তের কাছে ধুবুরি থেকে সাদিয়া পর্যন্ত বাস্তবায়নের সক্রিয় চিন্তা করছে ভারত। সংশ্লিষ্টদের নিয়ে ভারতের গুয়াহাটিতে এ প্রকল্প নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

পূর্বাশানিউজ/২৫-মে,২০১৭/ফারজানা

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি