শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পিরোজপুরে কলেজশিক্ষককে কুপিয়ে আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের এক শিক্ষককে সকালে হাঁটাহাঁটি করার সময় রামদা দিয়ে কুপিয়ে আহত করেছে এক যুবক।
সদর থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, সোমবার সকাল ৬টার দিকে শহরের বাইপাস সড়কের নতুন জেলখানার সামনে তার ওপর হামলা হয়।

আহত সদানন্দ গাইন ওই কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদানন্দের সহকর্মী সহযোগী অধ্যাপক সমরজিৎ হাওলাদার বলেন, প্রতিদিনের মতো সোমবার সকালে হাঁটতে বের হন সদানন্দ।

হঠাৎ এক যুবক পেছন থেকে এসে ধারালো দা দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসেন।

তার মাথায় ‘প্রায় সাত ইঞ্চি’ লম্বা ক্ষত হয়েছে জানিয়ে পিরোজপুর হাসপাতালের চিকিৎসক শিশির রঞ্জন অধিকারী বলেন, “আঘাত গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি রামদা উদ্ধার করেছে।

ওসি বিশ্বাস বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে একটি দেশি রামদা দেখতে পাই। হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।

পূর্বাশানিউজ/২৯-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি