
ঘূর্ণিঝড় মোরা’র কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. কামরুল হুদা বলেন, নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই সিদ্ধান্ত দিয়েছেন।
তিনি বলেন, ‘বিষয়টি মাইকিং করে ক্যাম্পাসে জানিয়ে দেয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে।’
ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রামে ১০ নম্বর মহাবিপদ সংকেত বলবৎ থাকায় জেলার সব স্কুল কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও বন্ধ রয়েছে।
মোরার প্রভাবে চট্টগ্রামে ঝড়ো হাওয়া ও বৃষ্টি চলছে সোমবার রাত থেকে। বাঁশখালীতে ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়ে ক্ষয়ক্ষতির খবর এসেছে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে ঘণ্টায় একশ কিলোমিটারের বেশি গতির বাতাস নিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে এই প্রবল ঘূর্ণিঝড়।
ভোরের আগেই চট্টগ্রামের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে ১ লাখ ২০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
পূর্বাশানিউজ/৩০-,মে ২০১৭/রুমকী























































