শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ মঙ্গলবার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৫.২০১৭

 


পূর্বাশা ডেস্ক:

এসএসসি ও সমমান পরীক্ষা ২০১৭’র উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হবে ৩০ মে মঙ্গলবার। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান।

গত ৪ মে বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষা ২০১৭’র ফল প্রকাশিত হয়। গত বছরের চেয়ে এ বছর ৭ দশমিক ৯৪ ভাগ কম শিক্ষার্থী পাস করেছে। আর গত বছরের চেয়ে জিপিএ ৫ কম পেয়েছে পাঁচ হাজার শিক্ষার্থী।

২০১৭-১৮ শিক্ষাবর্ষে দেশের সকল সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম ৯ মে মঙ্গলবার শুরু হয়ে ২৬ মে পর্যন্ত চলে।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি শুরু হয়ে এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ মার্চ পর্যন্ত। এছাড়া ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে শেষ হয় ১১ মার্চ।

এ বছর ১০টি সাধারণ শিক্ষা বোর্ডের ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে ২৮ হাজার ৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন।

গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৯০ জন বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ও ছাত্রী ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন।

নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ লাখ ৭ হাজার ১২৪ জন। এছাড়া অনিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৭৬ হাজার ১৯৮ জন এবং বিশেষ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ২৯৮ জন।

পূর্বাশানিউজ/৩০-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি