
রাজধানীর বনানীতে অবস্থিত আলোচিত ‘দ্য রেইন ট্রি’ হোটেলকে নিয়ম না মেনে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক ঋণ দিয়েছে। আর হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ আদনান হারুন সাংসদ বজলুল হক হারুনের (বি এইচ হারুন) ছেলে বলে সাংসদ নিজেই রূপালী ব্যাংকের ওপর ঋণ পেতে প্রভাব খাটিয়েছেন।
আবাসিক এলাকায় বাণিজ্যিক হোটেলের নামে ঋণ দেওয়ার নিয়ম নেই। ঋণের টাকা পেতে হলে আবাসিক পরিকল্পনার পরিবর্তে বাণিজ্যিক পরিকল্পনা অনুমোদন দাখিল করতে হবে- ব্যাংকটির পরিচালনা পর্ষদ প্রথমে এমন শর্ত দিলেও তা মানা হয়নি। ৩০ কোটি টাকা অনুমোদন করে রেইন ট্রিকে ১৫ কোটি টাকা দিয়েও দেয় রূপালী ব্যাংক।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে বাণিজ্যিক অনুমোদন এনে দেওয়ার ব্যক্তিগত নিশ্চয়তা দেন বি এইচ হারুন। আর এ নিশ্চয়তার ওপর ভরসা করেই ঋণ ছাড় করে রূপালী ব্যাংক।
হোটেলটির পরিচালকেরা হলেন- বি এইচ হারুনের স্ত্রী মনিরা আক্তার ওরফে মনিরা হারুন; তিন ছেলে শাহ মোহাম্মদ নাহিয়ান হারুন, শাহ মোহাম্মদ আদনান হারুন ও মাহির হারুন এবং মেয়ে হোমায়ারা হারুন।
রাজউক চেয়ারম্যান বজলুল করিম চৌধুরী জানান, রেইন ট্রি হোটেল এখনো বাণিজ্যিক অনুমোদন পায়নি এবং পাওয়ার কোনো সুযোগও নেই।
তবে বি এইচ হারুন নিশ্চয়তা দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘অনুমোদন পেতে রাজউকে আবেদন করেছি, আশা করি অনুমোদন হয়ে যাবে। বলা যায় বিষয়টা প্রক্রিয়াধীন।’ বি এইচ হারুনের দাবি, হোটেলটি যে সড়কে, সেই সড়কে বাণিজ্যিক ভবন করার সুযোগ আছে রাজউকের প্রজ্ঞাপন অনুযায়ী। আর রাজউকের অনুমোদন পেলে পুরো ঋণ পাওয়া যাবে। অনুমোদন পেতে একজন প্রভাবশালী মন্ত্রীর সুপারিশ রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, রাজধানীর বনানীর ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বর প্লটেই আলোচিত এ হোটেলটিতে জমির পরিমাণ ৯ দশমিক শূন্য ৭ শতাংশ। বেআইনিভাবে পরিচালিত হওয়ায় গত ১৫ এপ্রিল হোটেলটি সিলগালা করে দিয়েছিলেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত।
এর আগে গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে সাফাত আহমেদ নামে বন্ধুর জন্মদিনে যোগ দিতে গিয়েই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন দুই তরুণী। এ ঘটনার পর হোটেলটি অবৈধভাবে চলছে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অবশ্য কার্যক্রম শুরুর আগেই রেইনট্রি হোটেলকে ‘অবৈধ’ জানিয়ে চিঠি দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
পূর্বাশানিউজ/৩০-,মে ২০১৭/রুমকী






















































