
রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লার সীমানার ভেতরে থাকা আবুল হাশেমের বাড়িটি আগামী তিনমাসের মধ্যে ভাঙার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে মূল্য অনুসারে তাকে ৪০ লাখ টাকা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার এ সংক্রান্ত এক রিটের রিভিউ আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এসব আদেশ দেন।আদালতে উপস্থিত ছিলেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। এসময় তিনি লালবাগ কেল্লার বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকসহ বিশেষজ্ঞদের জরিপ প্রতিবেদন আদালতে দাখিল করেন।
এর আগে গত ৬ এপ্রিল লালবাগ কেল্লার প্রকৃত সীমানা নির্ধারণ করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই নির্দেশ দেন।
একইসঙ্গে সীমানা নির্ধারণ করে এ বিষয়ে প্রতিবেদন গত ২৫ মে আপিল বিভাগে দাখিল করতেও নির্দেশ দেওয়া হয়েছিলো। জরিপকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি মনোনীত প্রত্নতত্ত্ব বিভাগের একজন শিক্ষক ও ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালকের সহায়তা নিতে বলেছিলেন আদালত। লালবাগ কেল্লার ভেতরে অবস্থিত একটি বাড়ির মালিকানা সংক্রান্ত মামলার রিভিউ আবেদন শুনানির পর এ নির্দেশনা দেওয়া হয়েছিল।
পূর্বাশানিউজ/৩১-,মে ২০১৭/রুমকী

















































