শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ জাতীয় বাজেট পেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এটাই বর্তমান অর্থমন্ত্রীর শেষ কার্যকরী বাজেট।’ কারণ, পরেরবারের (২০১৮-১৯ অর্থবছর) বাজেট ঘোষণার কয়েক মাস পরই জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

অর্থমন্ত্রীর ব্যক্তিগত একাদশ বাজেট এটি। তবে আওয়ামী লীগ সরকারের দুই দফায় তাঁর এটি টানা নবম বাজেট। এ এম এ মুহিত এর আগে ১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ অর্থবছরেও দুবার বাজেট পেশ করেছিলেন। অর্থমন্ত্রী এবার ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’ নাম দিয়ে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট দিচ্ছেন, যা চলতি অর্থবছরের মূল বাজেট ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা থেকে ২৬ শতাংশ বেশি। চলতি অর্থবছরের সংশোধিত বাজেট ৩ লাখ ১৭ হাজার ১৭৪ কোটি টাকা থেকে আগামী বাজেটের আকার বেশি প্রায় ৮৪ হাজার কোটি টাকা।

আট বছরের বাজেটে ধারাবাহিকভাবে আকার বৃদ্ধি ছাড়া বড় ধরনের কোনো নীতি সংস্কার করেননি অর্থমন্ত্রী। পুরো সময়ে অর্থমন্ত্রীর একমাত্র ও উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে নতুন ভ্যাট আইন কার্যকর। তবে এই চ্যালেঞ্জটি তিনি গতবারই নিতে চেয়েছিলেন, ব্যবসায়ীদের বিরোধিতায় পরে পিছিয়ে আসেন। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ১৯৯১ সালের জুলাইয়ে ভ্যাট চালু করার পর থেকে এটিই হচ্ছে রাজস্ব সংগ্রহের প্রধান উৎস। দ্বিতীয় উৎস আয়কর। মূসক চালুর জন্য সাইফুর রহমানকে সব সময়ই ধন্যবাদ দিয়ে থাকেন মুহিত।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন টানা দুই মেয়াদের সরকারের আটটি বাজেট যথাসম্ভব ভালোয় ভালোয়ই দিয়ে গেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবারই বড় চ্যালেঞ্জের মুখে তিনি। চ্যালেঞ্জটি মূলত নতুন মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আইন কার্যকর করা নিয়ে।

এ এম এ মুহিত ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হওয়ার পর আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম কম ছিল, যার সুফলও পেয়েছে সাধারণ মানুষ। দেশেও খাদ্যপণ্যের উৎপাদন ছিল ভালো। ২০১৪ সালে আবার যখন অর্থমন্ত্রী হন, আন্তর্জাতিক বাজারে তারপরই কমতে থাকে জ্বালানি তেলের দাম। এসব ইতিবাচক দিক ভালোভাবেই কাজে লাগিয়েছেন অর্থমন্ত্রী।

কিন্তু এবার বাজেট দেওয়ার সময়ে এসে সেই স্বস্তিদায়ক অবস্থায় খুব একটা নেই অর্থমন্ত্রী। প্রবাসী আয় (রেমিট্যান্স) কমে যাচ্ছে, রপ্তানি প্রবৃদ্ধি শ্লথ, চালের দামও বাড়তি। আবার রাজস্ব সংগ্রহে ১৫ শতাংশ একক ভ্যাট হার আরোপ করলেও তাতে খুশি নন একশ্রেণির ব্যবসায়ী। অর্থনীতিবিদদের আশঙ্কা, এতে সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে, বৃদ্ধি পাবে মূল্যস্ফীতি। অর্থমন্ত্রীর চ্যালেঞ্জ এখানেও।

আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ধরা হচ্ছে ২২ লাখ কোটি টাকারও বেশি। আর জিডিপির প্রবৃদ্ধির হার রাখা হচ্ছে ৭ দশমিক ৪ শতাংশ। আর সম্ভাব্য মূল্যস্ফীতির হার ধরা হচ্ছে ৫ দশমিক ৫ শতাংশ।

বাজেটে রাজস্ব বা অনুন্নয়ন এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বা উন্নয়ন অংশ আলাদা করে দেখানো হয়। নতুন বাজেটে অনুন্নয়ন বাজেটের আকার দাঁড়াতে পারে ২ লাখ ৮৮ হাজার ৬৬ কোটি টাকা, আর এডিপি থাকছে ১ লাখ ৫৩ হাজার ৩৩৩ কোটি টাকা। অন্যদিকে রাজস্ব আদায়ের লক্ষ্য থাকতে পারে ২ লাখ ৯০ হাজার কোটি টাকার মতো। এর মধ্যে একা জাতীয় রাজস্ব বোর্ডকেই (এনবি আর) সংগ্রহ করতে হবে ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা।

আগামী বাজেটে ঘাটতির পরিমাণ থাকছে স্মরণকালের সর্বোচ্চ, যা পরিমাণের দিক থেকে যেমন বেশি, হারের দিক থেকেও। এবার বাজেট ঘাটতি থাকছে জিডিপির ৫ দশমিক ৪ শতাংশ, পরিমাণে যা প্রথমবারের মতো ১ লাখ কোটি টাকা ছাড়াবে।

রাজস্ব সংগ্রহে আগামী অর্থবছরেও মূসকই হচ্ছে সর্বোচ্চ উৎস। অর্থাৎ এনবি আরকে আয়ের যে লক্ষ্য দেওয়া হচ্ছে, তার মধ্যে ভ্যাটের অংশই ৮৭ হাজার ৮৮৭ কোটি টাকা থাকবে। এ ছাড়া ৮৬ হাজার ৮৬৭ কোটি টাকা আয়কর এবং ৭৩ হাজার ২৪৬ কোটি টাকা শুল্ক আদায় করতে হবে এনবি আরকে।

বাজেট ঘাটতি মেটাতে সরকার দেশ-বিদেশ থেকে ঋণ নেয়, যার মধ্যে বেশি ঋণ নিয়ে থাকে দেশের ব্যাংক ব্যবস্থা থেকেই। ব্যাংক থেকে স্বল্প, দীর্ঘ—দুধরনের ঋণ নিলেও বেশি নেয় দীর্ঘমেয়াদি ঋণ। ঘাটতি মেটাতে এ ছাড়া সঞ্চয়পত্র বিক্রি করেও ভালো একটা টাকা সংগ্রহ করে সরকার।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া হবে ৬০ হাজার কোটি টাকারও বেশি। আর সঞ্চয়পত্র বিক্রি করে সংগ্রহ করা হবে ২২ হাজার কোটি টাকা। মির্জ্জা আজিজ অবশ্য বলেন, ‘ঘাটতি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ, পুরো বাজেটের বাস্তবায়নই তো হবে না।’

উন্নয়ন ব্যয় বাদ দিলে অনুন্নয়ন ব্যয়ের মধ্যে আগামী বাজেটে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা, ঋণের সুদ পরিশোধ এবং ভর্তুকিতেই ব্যয় হয়ে যাবে এক-তৃতীয়াংশ। এর পরিমাণ ১ লাখ কোটি টাকার কাছাকাছি হবে বলে জানা গেছে।

চিন্তায় আছেন আমানতকারীরাও। ব্যাংকে টাকা জমালে লাভের চেয়ে লোকসানই বেশি হয় কি না, সেই দুশ্চিন্তায় আছেন তাঁরা। কারণ, একদিকে আমানতের সুদ কম, তার ওপর আমানতের টাকার ওপর আবগারি শুল্ক দ্বিগুণ প্রস্তাব করা হয়েছে।

চলতি অর্থবছরের মতো আগামী বাজেটেও ফার্স্ট ট্র্যাক বা বড় প্রকল্পের জন্য বিশেষ বাজেট অর্থাৎ ৩৩ হাজার ৭৬১ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। বাড়ানো হচ্ছে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতা। এ আওতায় বিভিন্ন ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ছে। যেমন মুক্তিযোদ্ধাদের জন্য বছরে দুটি উৎসব ভাতার প্রস্তাব আছে।

নতুন ভ্যাট আইনে ব্যবসায়ী ও ভোক্তাদের স্বস্তি দিতে বেশ কিছু পণ্যে ভ্যাট ছাড় দেওয়া হতে পারে। এই তালিকায় থাকছে মোটরসাইকেল, রেফ্রিজারেটর ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) সংযোজন শিল্প, ভোজ্যতেল, সফটওয়্যার শিল্প, বাস-ট্রেন-লঞ্চের টিকিট ইত্যাদি। এ ছাড়া প্রায় ১৪ শ পণ্য ও সেবায় বিদ্যমান সম্পূরক শুল্ক বহাল রাখা হচ্ছে। কিছু পণ্য ও সেবায় সম্পূরক শুল্ক হার বাড়ানো হতে পারে।

আয়কর খাতে কিছু পরিবর্তন আসছে। এর মধ্যে অন্যতম হলো করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা বাড়িয়ে ২ লাখ ৭৫ হাজার টাকা করা হতে পারে। এ ছাড়া তৈরি পোশাক রপ্তানিকারকদের বর্তমান উৎসে কর দশমিক ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করা হতে পারে।

বাজেট হচ্ছে একটি দেশের সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব। সরকারকে দেশ চালাতে হয়, সরকারের হয়ে যাঁরা কাজ করেন তাঁদের বেতন দিতে হয়, আবার নাগরিকদের উন্নয়নের জন্য রাস্তাঘাট বানানোসহ নানা ধরনের উদ্যোগ নিতে হয়। সুতরাং একটি নির্দিষ্ট অর্থবছরে কোথায় কত ব্যয় হবে, সেই পরিকল্পনার নামই বাজেট।

একজন মানুষকেও কিন্তু আয় ও ব্যয়ের হিসাব করতে হয়। তবে ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের বাজেটের একটি মৌলিক পার্থক্য আছে। ব্যক্তি আগে আয় কত হবে সেটি ঠিক করেন, তারপর ব্যয়ের খাতগুলো নির্ধারণ করেন। অন্যদিকে রাষ্ট্র করে ঠিক উল্টোটা। রাষ্ট্র আগে ব্যয়ের খাতগুলো নির্ধারণ করে। এরপর ঠিক করে কোথা থেকে অর্থ আসবে। অর্থাৎ সরকার আয় করে খরচ বুঝে, আর ব্যক্তি ব্যয় করেন আয় বুঝে। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না হলে রাষ্ট্র দেশ-বিদেশ থেকে অর্থ ধার করতে পারে। ব্যক্তিও পারেন, তবে এর সীমা সামান্যই। কারণ ধার করলে পরিশোধ করতে হয়। রাষ্ট্রকেও পরিশোধ করতে হয়, তবে এ জন্য রাষ্ট্র সাধারণত দেউলিয়া হয় না। ধার বছরের পর বছর টেনে নিয়ে যেতে পারে। রাষ্ট্র এই সুযোগটি নিজেই তৈরি করে নেয়। যদিও এর ফলে দায় ক্রমাগত বাড়তে থাকে।

আয় ও ব্যয় সমান কি না, সেই প্রশ্নেই রাষ্ট্রের বাজেট দুই রকমের হয়ে থাকে। যেমন:

সুষম বাজেট

সরকারের মোট আয় ও মোট ব্যয় সমান হলে সেটি হচ্ছে সুষম বাজেট। অর্থাৎ সরকারের মোট ব্যয় পরিকল্পনার সমানই হচ্ছে সম্ভাব্য আয়।

অসম বাজেট

যেখানে আয় আর ব্যয় সমান হয় না। অসম বাজেট আবার দুই রকমের হতে পারে। যেমন উদ্বৃত্ত বাজেট ও ঘাটতি বাজেট। ব্যয়ের তুলনায় আয় বেশি হলে সেটি উদ্বৃত্ত বাজেট। ঘাটতি বাজেট হচ্ছে ঠিক উল্টোটা। এখানে ব্যয় বেশি, আয় কম।

প্রশ্ন হচ্ছে কোন বাজেটটি ভালো। সাধারণত উন্নত দেশগুলো সুষম বাজেট করে থাকে। তবে প্রতিবছরই সুষম বাজেট করা সবার পক্ষে সম্ভব হয় না। উন্নত বা ধনী দেশগুলো বাণিজ্য চক্র মেনে সুষম বাজেট করে। অর্থাৎ অর্থনীতির ওঠানামার সঙ্গে সমন্বয় করে একটি নির্দিষ্ট অর্থবছরের বাজেট তৈরি করা হয়। অর্থনৈতিক পরিস্থিতি ভালো হলে সুষম বাজেট, খারাপ হলে ঘাটতি বাজেট। অনেক উন্নত দেশই আইন করে সুষম বাজেট তৈরি করে। যুক্তরাষ্ট্রের বেশির ভাগ রাজ্যে এই আইন আছে। সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রিয়াসহ বেশ কিছু উন্নত দেশে সুষম বাজেট প্রণয়নের আইন আছে।

অর্থনীতিবিদেরা মনে করেন, অব্যাহতভাবে সুষম বাজেট তৈরি করা ভালো কিছু নয়। বরং অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখেই বাজেট কেমন হবে ঠিক করা উচিত। কেননা, সুষম বাজেট সুদের হার কমায়, বাড়ায় সঞ্চয় ও বিনিয়োগ। এ ছাড়া বাণিজ্য ঘাটতি কমিয়ে আনে। এতে দীর্ঘ মেয়াদে অর্থনীতি এগিয়ে যায়।

সাধারণত অর্থনীতি ভালো অবস্থায় থাকলে সুষম বাজেট করা হয়, খারাপ হলে অর্থনীতিকে উদ্দীপনা দিতে তৈরি হয় ঘাটতি বাজেট। একটা সময় ছিল যখন ঘাটতি বাজেটকে ক্ষতিকর ও সরকারের দুর্বলতাও ভাবা হতো। পরিস্থিতি এখন পাল্টেছে। বরং অর্থনীতিবিদেরা মনে করেন, বাংলাদেশের মতো দরিদ্র দেশে কিছুটা ঘাটতি থাকা ভালো। এতে অব্যবহৃত সম্পদের ব্যবহার বাড়ে, ঘাটতি পূরণের চাপ থাকে। তাতে অর্থনীতিতে উদ্দীপনা সৃষ্টি হয়। ঘাটতি বেশি থাকাটা আবার ভালো নয়। সাধারণত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ পর্যন্ত ঘাটতিকে মেনে নেওয়া হয়।

বাজেট ঘাটতি দুভাবে পূরণ করা হয়। যেমন,

বৈদেশিক উৎস

এটি মূলত বৈদেশিক ঋণ। সরকার বিভিন্ন দাতা সংস্থা ও দেশ থেকে সহজ শর্তে ঋণ নেয়। এই উৎস থেকে বেশি ঋণ নিয়ে ঘাটতি পূরণ করতে পারলে তা অর্থনীতির জন্য বেশি সহনীয়। কারণ, এতে সুদ হার কম এবং পরিশোধ করতে অনেক সময় পাওয়া যায়। তবে শর্ত থাকে বেশি।

অভ্যন্তরীণ উৎস

সরকার দুভাবে দেশের ভেতর থেকে ঋণ নেয়। যেমন, ব্যাংকিং ব্যবস্থা ও ব্যাংকবহির্ভূত ব্যবস্থা। ব্যাংকবহির্ভূত ব্যবস্থা হচ্ছে সঞ্চয়পত্র বিক্রি। এভাবে সাধারণ মানুষের কাছ থেকে ঋণ নেয় সরকার।

অভ্যন্তরীণ উৎস থেকে বেশি ঋণ নেওয়ার দুটি বিপদ আছে। ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাতের জন্য অর্থ থাকবে কম। ফলে বিনিয়োগ কমে যায়। আর ব্যাংকবহির্ভূত ব্যবস্থা থেকে ঋণ নিলে বেশি হারে সুদ দিতে হয়। এতে সুদ পরিশোধে সরকারকে বেশি পরিমাণ অর্থ বরাদ্দ রাখতে হয়। এতে পরের অর্থবছরের বাজেট বেড়ে যায়। সরকার বেশি পরিমাণ ঋণ নিলে মূল্যস্ফীতিও বাড়তে পারে।

আয় ও ব্যয়ের ধরনের ভিত্তিতেও বাজেট দুই ধরনের। আর আছে উন্নয়ন বাজেট। যেমন

রাজস্ব ব্যয়

রাজস্ব ব্যয় হচ্ছে সরকার পরিচালনার খরচ। রাজস্ব ব্যয়কে অনুন্নয়ন বাজেটও বলা হয়। অনুন্নয়ন ব্যয় মোটা দাগে তিনটি। যেমন দেশরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসন চালানোর খরচ।

বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র নয়। তারপরও বাজেটে একটি মানবিক চেহারা দেওয়ার চেষ্টা থাকে। এ জন্য নানা ধরনের সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। আবার কৃষি ও জ্বালানি খাতে সরকার ভর্তুকি দেয়। এর বাইরে আছে সুদ পরিশোধ। তবে সবচেয়ে বড় খরচের খাত হচ্ছে বেতন-ভাতা।

রাজস্ব আয়

রাষ্ট্রের কতগুলো আয়ের উৎস আছে। এগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন প্রত্যক্ষ কর, পরোক্ষ কর এবং করবহির্ভূত আয়। প্রত্যক্ষ করের মধ্যে আছে ব্যক্তিশ্রেণির আয়কর, ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের ওপর কর (করপোরেট কর), দান কর, উত্তরাধিকার কর, যানবাহন কর, মাদক শুল্ক, ভূমি রাজস্ব ইত্যাদি। আর পরোক্ষ কর হচ্ছে আমদানি কর, আবগারি শুল্ক, ভ্যাট বা মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক ইত্যাদি।

কর ছাড়া আরও আয় আছে। যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লাভ, সুদ, সাধারণ প্রশাসন থেকে আয়, ডাক-তার-টেলিফোন থেকে আয়, পরিবহন আয়, জরিমানা ও দণ্ড থেকে আয়, ভাড়া, ইজারা, টোল ও লেভি থেকে আয় ইত্যাদি।

উন্নয়ন বাজেট

দেশ পরিচালনায় যত ধরনের ব্যয় আছে তা পূরণ করে আয়ের বাকি অর্থ দিয়ে সরকার উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে। এ জন্য যে বরাদ্দ রাখা অর্থই উন্নয়ন বাজেট। এই অর্থ দিয়ে বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়। রাস্তা নির্মাণ, সেতু নির্মাণ থেকে শুরু করে গ্রামীণ উন্নয়ন, বিদ্যুৎকেন্দ্র তৈরি, স্কুল, কলেজ ও হাসপাতাল তৈরিসহ নানা ধরনের উন্নয়নমূলক কাজ করে সরকার। রাজস্ব উদ্বৃত্ত ও দেশের ভেতর ও বাইরে থেকে নেওয়া ঋণ নিয়ে উন্নয়ন বাজেট করা হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নামে একটি প্রকল্প খাত রয়েছে। এই খাতেই সাধারণত উন্নয়ন বাজেটের খরচ দেখানো হয়।

পূর্বাশানিউজ/০১-জুন,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি