রাজধানীর নিত্য পণ্যের বাজারে বাজেটের কোন প্রভাব নেই। চড়া দামে বিক্রি হচ্ছে সবজি ও মাছ। দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ সংকটকে দায়ী করা হলেও, বিক্রেতাদের এমন দাবি অযৌক্তিক বলে মনে করেন ক্রেতারা। মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি তাদের।
দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সদ্যঘোষিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে শাকসবজি, মাছ ও মাংসের উপর ভ্যাট অব্যাহতির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সেই হিসেবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে-ক্রেতাদের এমন আশা থাকলেও বাস্তবতা ভিন্ন। বেগুন, শসা, লেবু, ঢ়েড়স লালশাক’সহ সবধরনের শাকসবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে।
মনিটরিং ব্যবস্থা জোরদার করতে না পারলে ভ্যাট অব্যাহতির সুফল মিলবে না বলে মনে করছেন ক্রেতারা। মাছের বাজারে ইলিশের সরবরাহ বাড়তে শুরু করলেও দাম এখনো কমেনি। অন্যান্য মাছের মধ্যে প্রতিকেজি কই বিক্রি হচ্ছে, ২০০-২৫০ টাকায়,পাবদা বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা কেজি দরে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করলেন, ক্রেতারা।
মাংসের বাজারে অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগীর দাম। প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। এছাড়া সিটি করপোরেশন নির্ধারিত ৪৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৭২৫ টাকা কেজি দরে।
পূর্বাশানিউজ/০২-জুন,২০১৭/ফারজানা
পূর্বাশা ডেস্ক:





















































