সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাহারি পোশাকের পসরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঈদকে সামনে রেখে বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। অভিজাত বিপণি বিতান থেকে শুরু করে পাড়া-মহল্লার ছোট বড় মার্কেটের দোকানগুলো এখন বাহারি পোশাকে ঠাসা। এখন শুধু ক্রেতাদের কেনাকাটা শুরুর প্রতীক্ষা। এবার রাজধানীর শপিং মলগুলো সেজেছে নতুন সাজে। দোকানিরা বলছেন, ঈদ কেনাকাটা মূলত শুরু হবে ১০ রোজার পর থেকে। এ সময় চাকরিজীবীরা বেতন-বোনাস পাবেন। অন্যদিকে তরুণ-তরুণীরা থাকেন ঈদের সর্বশেষ কালেকশনের অপেক্ষায়।

পান্থপথের বসুন্ধরা শপিংমল থেকে শুরু করে নতুন প্রজন্মের পছন্দের শাহবাগের আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট, মৌচাক, মালিবাগ, গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, বঙ্গবাজার, নিউমার্কেট, গাউসিয়া, গুলিস্তান বা বায়তুল মোকাররমসহ সব এলাকার মার্কেটে পোশাকের পসরা সাজিয়েছে দোকানিরা। ফ্যাশনের বৈচিত্র্যের পাশাপাশি গ্রাহকতুষ্টির দিকে খেয়াল রেখে এসব মার্কেটের দোকানের সাজসজ্জাতেও পরিবর্তন এসেছে।

গতকাল রাজধানীর মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, অভিজাত শপিংমল, বিপণি বিতান ও দেশি-বিদেশি পোশাকের পাইকারি মার্কেটগুলোতে কেনাকাটার আবহ বইছে। দোকানগুলোতে শোভা পাচ্ছে থরে থরে সাজানো নামিদামি ব্র্যান্ড ও বিদেশি পোশাকের পসরা। আবার ক্রেতা আকৃষ্ট করতে কেউ কেউ র্যাফেল ড্র কিংবা বিশেষ ছাড়ের আয়োজন রেখেছেন। দোকানিরা বলেন, মূল্যছাড় বা বিশেষছাড় বেচা-বিক্রিতে নতুন মাত্রা যোগ করে।

রাজধানীর মার্কেটগুলোতে ক্রেতাদের আনাগোনা শুরু হয়েছে। যারা ভিড় পছন্দ করেন না, তারা আগেভাগেই কেনাকাটায় নেমে পড়েছেন। এক মার্কেট থেকে অন্য মার্কেটে ঘুরে পছন্দের পণ্য দেখছেন ক্রেতারা। কেউ কেউ হয়তোবা ছোটখাটো কিছু কেনাকাটা এরই মাঝে সেরেও ফেলেছেন।

বিক্রেতারা বলছেন, রমজানের শুরু থেকেই ক্রেতারা ঈদবাজারে ঢুঁ মারতে শুরু করেন। যারা একটু নিরিবিলি কেনাকাটা সারতে চান তারা প্রথম ১৫ দিনের মধ্যেই তা সারেন। তবে শেষভাগেই বেশি জমজমাট হয় বাজার। মূলত এ মাসটিই তাদের আয়ের প্রধান মৌসুম। অনেকেই এ মাসের আয় দিয়ে বছরের অন্যান্য সময়ের খরচও তুলে নেন।

পূর্বাশানিউজ/০২-জুন,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি