শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রূপগঞ্জের খালে অস্ত্রের খনি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৬.২০১৭


পূর্বাশা ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের একটি লেক থেকে ৬১টি চায়নিজ এসএমজি রাইফেল, দুটি রকেট লাঞ্চার, দুটি ওয়াকিটকি, ৭.৬২ পিস্তলের ম্যাগাজিন পাঁচটি, রকেট লাঞ্চার প্রজেক্টর ৪৯টি, হ্যান্ডগ্রেনেড ৪২টি, এসএমজির ম্যাগাজিন ৪৪টি, বিপুল পরিমাণ টাইম ফিউস, ইগনাইটার ও গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে এসব অস্ত্র উদ্ধার অভিযান শুরু হলেও গতকাল সন্ধ্যায় অভিযান স্থগিত করে পুলিশ। পুলিশ বলছে, স্থানীয় মাদক ব্যবসায়ী শরিফ খানের দেওয়া তথ্য অনুসারে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের পর থেকে পূর্বাচল এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে। চাঞ্চল্যকর এ ঘটনা তদন্তে ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলামকে প্রধান করে ১২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ২০১৬ সালের ১৮ ও ১৯ জুন রাজধানীর উত্তরার দিয়াবাড়ী বৌদ্ধমন্দিরের পাশের একটি খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। তবে গতকাল পর্যন্ত ওই অস্ত্র-গোলাবারুদের কোনো কূলকিনারা করতে পারেননি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, অতিরিক্তি আইজিপি (প্রশাসন) মোহাম্মদ মোখলেছুর রহমান, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মঈনুল হক, র‍্যাব-১ অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম, র‍্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম এবং কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিটের সদস্যরা। অস্ত্র উদ্ধার অভিযানের একপর্যায়ে বেলা ১১টার দিকে আইজিপি শহীদুল হক বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি চক্র নাশকতার লক্ষ্যে এসব অস্ত্র ও গোলাবারুদ মজুদ রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে চক্রটিকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দাউদপুর ইউনিয়নের বাগলা এলাকার মোসলেম উদ্দিনের ছেলে শরীফ মিয়ার বাড়িতে বড় ধরনের অবৈধ অস্ত্র রয়েছে বলে পুলিশের কাছে খবর আসে। পরে নারায়গঞ্জের গোয়েন্দা পুলিশের ওসি মাহ্মুদুল ইসলামের নেতৃত্বে একটি দল মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় শরীফ খানের বাড়িতে অভিযান পরিচালনা করে একটি এসএমজি রাইফেল উদ্ধার করে। পরদিন বুধবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা থেকে শরীফ মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শরীফের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ উপজেলার পূর্বাচল উপশহরের ৫ নম্বর গুতিয়াবো আগারপাড়া এলাকার বালুচর থেকে প্রথমে দুটি এসএমজি চায়নিজ রাইফেল উদ্ধার করে। দ্বিতীয় দফায় ভুঁইয়াবাড়ী ব্রিজ-সংলগ্ন খালে জেলা গোয়েন্দা পুলিশ ও রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেনে নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে। ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় পর্যায়ক্রমে ৩২টি ব্যাগে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। ডুবুরিদের একজন হুমায়ুন কবির বলেন, ৩০টি ব্যাগে অস্ত্র ও গোলাবারুদ থাকলেও দুটি ব্যাগে কোনো মালপত্র ছিল না। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত র‍্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অভিযান পরিচালনা শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন বলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়। তবে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পর থেকেই আতঙ্কে রয়েছেন পূর্বাচল উপশহরের আশপাশে বসবাসরত এলাকাবাসী। তারা বলছেন, এ ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনা আগে কখনো ঘটেনি। অভিযানের একপর্যায়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের ধারণা, দুই-তিন মাস আগে এসব অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রাখা হয়েছিল। অস্ত্রগুলো দেখে মনে হচ্ছে সক্রিয়, সচল ও স্বয়ংক্রিয়। উত্তরা দিয়াবাড়ী থেকে উদ্ধার অস্ত্রের সঙ্গে এসব অস্ত্র ও গোলাবারুদের মিল রয়েছে। ধারণা করছি, দুটো ঘটনার সঙ্গে একই গ্রুপ জড়িত। ’ বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপকমিশনার সানোয়ার হোসেন বলেন, উদ্ধার গোলাবারুদগুলো আশির দশকের পর থেকে কারখানায়ও তৈরি হয় না। গোলাবারুদগুলোর কার্যকারিতা অনেকটাই নষ্ট হয়ে গেছে। এর পরও আমরা পুরোপুরিভাবে সেগুলোকে নিষ্ক্রিয় করছি। গোলাবারুদগুলো কোথায় তৈরি এ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এসব অস্ত্র ও গোলাবারুদের ছবি সেনাবাহিনীর কাছে দিয়ে তাদের মতামত চাওয়া হবে। সরেজমিনে ঘুরে স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বাচল উপশহর এলাকাটি একসময় জনবহুল এলাকা ছিল। রাজধানীর অতি কাছের এ এলাকায় হাজার হাজার মানুষের বসবাস ছিল। পূর্বাচল উপশহর গড়ে তোলার লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পুরো এলাকাটি অধিগ্রহণ করে নেয়। এরপর স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করে দেওয়া হয়। বর্তমানে পুরো পূর্বাচল উপশহর ফাঁকা ও নির্জন অবস্থায় রয়েছে। অপরাধীরা নিরাপদ স্থান হিসেবে পূর্বাচল উপশহরকে বেছে নিয়েছে। এখানে প্রায় সময়ই লাশ উদ্ধারসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে থাকে। বিশেষ করে ৫ নম্বর সেক্টরের খালটি (লেক) একেবারেই নির্জন ও দুর্গম। হয়তো নিরাপদ ভেবে অপরাধীরা এখানে অস্ত্র ও গোলাবারুদ মজুদ রেখেছে। পূর্বাচল উপশহরের আদিবাসী গুতিয়াব এলাকার মাজহারুল ইসলাম জানান, এ এলাকা লোকজন না থাকায় নীরব পড়ে থাকে। ফলে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন দামি গাড়িতে করে অচেনা লোকজন যাতায়াত করে থাকে। ফলে এ এলাকায় নিত্য নানা অপরাধ ঘটে থাকে। ঢাকা রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আলোর স্বল্পতা ও নিরাপত্তাজনিত কারণে অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল (শনিবার) দিনের আলোতে পুনরায় অভিযান শুরু হবে। খালে (লেক) আরও অস্ত্র থাকতে পারে বলে আমরা ধারণা করছি। এ জন্য প্রয়োজনে খাল সেচে অভিযান চালানো হবে। ’

কে এই শরীফ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বগলা গ্রামের মোসলেহ উদ্দিন খান ও জমিলা বেগমের সন্তান শরীফ খান। অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের পর থেকেই রূপগঞ্জের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে শরীফ। অস্ত্র উদ্ধারের স্থান থেকে শরীফ খানের বাড়ির দূরত্ব ১০-১২ কিলোমিটার। গতকাল দাউদপুরের বগলায় শরীফের বাড়িতে গিয়ে জানা যায়, ২০০৬ সালে সৌদি আরব থেকে দেশে ফিরে বিয়ে করেন শরীফ। তবে জীবিকার তাগিদে কিছুদিন পর দুবাই চলে যান। আড়াই বছর পর ২০০৯ সালের শেষের দিকে আবার দেশে ফিরে আসেন। শুরু করেন জমি কেনাবেচার ব্যবসা। স্ত্রী ফাহিমা ও দুই পুত্রসন্তান নিয়ে দেশেই এবার স্থায়ীভাবে সংসার শুরু করেন। তার বড় ছেলে ফাহিমের বয়স নয় বছর এবং ছোট ছেলে রাফির বয়স আড়াই বছর। স্ত্রী ফাহিমা বর্তমানে অন্তঃসত্ত্বা।

শরীফ খানের দেওয়া তথ্যে অস্ত্র উদ্ধারের কথা পুলিশ জানালেও তা মানতে নারাজ তার স্ত্রী ফাহিমা বেগম। তিনি বলেন, ২০০৯ সালে দেশে ফেরার পর এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় র‍্যাব-১১-এর হারুন নামের এক কর্মকর্তার সঙ্গে। এরপর জমিজায়গা-সংক্রান্ত ব্যবসায় নামেন শরীফ। কিন্তু ওই ব্যবসায় দাঁড়াতে পারেননি তার স্বামী। এরপর ওমান যাওয়ার চেষ্টা করে বেশ কিছু টাকা খুইয়ে ফেলেন। পরে মাদকের সঙ্গে জড়িয়ে যান শরীফ।

স্ত্রী ফাহিমা জানান, মঙ্গলবার (৩০ মে) পুলিশ মাদকের খোঁজে তল্লাশি করতে আসে। পরদিন মাদকের মামলায় জামিন পান শরীফ। কারাগার থেকে বের হওয়ার পর তাকে পুলিশ আবার গ্রেফতার করে। ফাহিমা বেগম জানান, মঙ্গলবার বাসায় যখন পুলিশ তল্লাশির জন্য আসে, তখন নারায়ণগঞ্জ কোর্টে মামলার শুনানি ছিল শরীফের। শুনানির পর আদালত তার জামিন কেটে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ওই দিন দুপুরে দুজন পুলিশ সিভিল পোশাকে তাদের বাসায় আসেন।

ওই সময় ফাহিমা রান্না করছিলেন। পুলিশ রান্নাঘর তল্লাশির কথা জানিয়ে ফাহিমাকে বেডরুমে চলে যেতে বলে। ওই সময় আরও কিছু পুলিশ সদস্য রান্নাঘরে ঢোকেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মাহমুদুল ইসলাম বলেন, এসবের সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এবং দেশের স্বাধীনতা ও উন্নয়ন রক্ষা করা হবে। শরীফের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক এবং ফতুল্লা থানায় আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়ার মামলা রয়েছে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী।
/2017/06/03/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি