শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বাজারে আগুন, দগ্ধ হয়ে ১ শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৬.২০১৭

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় একটি বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় তালাবদ্ধ দোকানে আটকা পড়ে নাজমুল হোসেন খোকন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত মধ্যরাতে জেলার বুড়িচং উপজেলার কংশনগর কাপড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কুমিল্লা সার্ভিস কন্ট্রোল রুম ও পুলিশ জানায়, ওই বাজারের ব্যবসায়ী আলী আহাম্মদের কাপড় দোকান থেকে রাত সোয়া ১২টার দিকে আগুনের সুত্রপাত হয়ে তা আশ-পাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে ব্যবসায়ীদের অন্তত ৩কোটি টাকার মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ব্যবসায়ী আলী আহাম্মদের দোকান কর্মচারী নাজমুল তালাবদ্ধ দোকানে আটকা পড়ায় সে বের হতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। সে ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের তারা মিয়ার ছেলে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে বাজারের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুড়িচং থানার ওসি মনোজ কুমার জানান, কয়েলের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কুমিল্লা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে তাৎক্ষনিকভাবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমান জানানো হয়নি।

পূর্বাশানিউজ/০৩-জুন,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি