শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১১ মিনিট আগে আজান প্রচার করে বিতর্কে বিটিভি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশে টেলিভিশন (বিটিভি) ৩ জুন নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে মাগরিবের আজান প্রচার করে বিতর্কের মুখোমুখি হয়েছে। বিটিভির প্রচারিত আজান শুনে অনেকেই অসময়ে ইফতার করে ফেলেন। আর এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিটিভির সমালোচনা করছেন অনেকেই।

তবে এ ব্যাপারে বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, ‌‘১১ মিনিট নয়, ৭ কিংবা ৮ মিনিট আগে মাগরিবের আজান প্রচার করা হয়েছে। চট্টগ্রামের আজানের সঙ্গে ঢাকার আজানের সময়সূচি গুলিয়ে ফেলা হয়েছিল। যারা ওই সময় দায়িত্বে ছিলেন, ভুলটা আসলে তারাই করেছেন।’

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী গতকাল দিবাগত সন্ধ্যায় ঢাকায় ইফতারের সময় ছিল সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট। কিন্তু বিটিভিতে ৬টা ৩৫ মিনিটেই মাগরিবের আজান প্রচারিত হয়।

যদিও এই ঘটনায় বিটিভি কোনো দুঃখপ্রকাশ বা ভুল স্বীকার না করে এরপর হামদ ও নাত প্রচার অব্যাহত রাখে।

বিটিভির একটি সূত্র জানায়, এমন ভুল বিটিভি নতুন করেনি। এর আগেও গত পহেলা বৈশাখে ‌‘এসো মিলি প্রাণের বৈশাখে’ নামের একটি অনুষ্ঠান প্রচার করতে গিয়ে মাগরিবের আজানই প্রচার করেনি।

পূর্বাশানিউজ/০৪-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি