বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সংসদে পরমাণু শক্তি কমিশন বিল উত্থাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, উন্নয়ন ও  প্রসারে বিদ্যমান আইন যুগোপযোগী করার লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল-২০১৭ উত্থাপন করা হয়েছে।

আজ রোববার দশম জাতীয় সংসদের ১৬তম (বাজেট) অধিবেশনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বিলটি উত্থাপন করেন।

বিলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আদেশ-১৯৭৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রস্তাবিত বিলের বিধান অনুযায়ী একই ভাবে বহাল রাখার বিধান করা হয়েছে। বিলে কমিশনের প্রধান কার্যালয় ঢাকায় স্থাপন ও প্রয়োজনে সরকারে অনুমোদনে দেশের যেকোনো স্থানে একাধিক শাখা কার্যালয় স্থাপন করার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া বিলে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন একজন চেয়ারম্যান ও অনধিক চারজন সদস্য সমন্বয়ে কমিশন গঠনের প্রস্তাব করা হয়। বিলে কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ, মেয়াদ ও পদত্যাগ, প্রধান নির্বাহী, কমিশনের সভা, কমিশনের কার্যাবলী, অর্থ উপদেষ্টা ও সচিব নিয়োগ, বিশেষজ্ঞ কমিটি গঠন, আবিস্কার, উদ্ভাবনসহ মেধাস্বত্ব, কোম্পানি গঠন, বাজেট প্রণয়ন, কমিশনের প্রতিবেদন, কমিশনের জনবল কাঠামো, তহবিল, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, গোপনীয়তা, জনসেবক, ক্ষমতা, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়।

পরীক্ষা-নিরীক্ষা করে এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এর আগে রোববার সকাল ১০টা ৫২ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

পূর্বাশানিউজ/১১,জুন ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি