মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সেমিফাইনালে সাকিব ছুঁতে পারেন আরও একটি মাইলফলক


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রেকর্ড বা মাইলফলক আর সাকিব আল হাসান নামটি যেন পাশাপাশি থাকতেই বেশি পছন্দ করে। কিছুদিন পরপরই কোনো না কোনো ক্ষেত্রে রেকর্ড করে ফেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশের পা বাড়াতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। সাথে মাহমুদউল্লাহকে নিয়ে করেছেন পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। আবারও এক মাইলফলকের সামনে এসে দাঁড়িয়েছেন সাকিব।

আরও একটি মাইলফলক ছুঁতে সাকিবের প্রয়োজন মাত্র ৩২ রান। তাহলেই ওয়ানডেতে পাঁচ হাজার রানের মালিক হয়ে যাবেন বাংলাদেশ ক্রিকেটের এই বিজ্ঞাপন। ৪,৯৬৮ রান নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবেন তিনি। পাঁচ হাজার রান হলে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হবেন। এছাড়া এই রানের সুবাদে বিশ্ব ক্রিকেটে তিনি হবেন পঞ্চম কোনো অলরাউন্ডার, যিনি পাঁচ হাজারের মাইলফলক স্পর্শ করবেন।

ক্যারিয়ারের ১৭৭তম ম্যাচে এই রানের মালিক হয়ে যেতে পারেন সাকিব। তার আগের চারজন ছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি অলরাউন্ডার সনাথ জয়সুরিয়া (৪৪৫ ম্যাচে ১৩, ৪৩০ রান), দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার জ্যাক ক্যালিস (৩২৮ ম্যাচে ১১,৫৬৯ রান), পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি (৩৯৮ ম্যাচে ৮,০৬৪ রান) ও পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুর রাজ্জাক (২৬৫ ম্যাচে ৫,০৮০ রান)।

এছাড়া ২২৪ উইকেট নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক এই বাঁ হাতি স্পিনার। ব্যাটে-বলে দারুণ ছন্দে থাকা এই অলরাউন্ডার আইসিসির সব ফরম্যাটের এক নম্বর অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।

পূর্বাশানিউজ/১২,জুন ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি