শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রেনের অগ্রিম টিকিট গেল কই?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঈদ যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সোমবার। প্রতিদিন সকাল ৮টা থেকে বিক্রি শুরু হলেও মাত্র ১০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় এসি টিকিট। বার্থ (এসি কেভিন) শেষ হয়েছে আরো আগেই।

যাত্রীদের অভিযোগ ১০ মিনিটে ৩ থেকে ৪ জনকে টিকিট দিচ্ছে।এর মধ্যেই সব এসি টিকিট শেষ হয়েছে বলে জানানো হয়েছে কাউন্টার থেকে। তবে কর্মকর্তারা বলছেন, অনলাইন, ভিআইপি ও কর্মকর্তা কোটায় ৩৫ শতাংশ টিকিট বুকিং দেয়া হয়।

যে কারণে এসি টিকিট খুব বেশি পাওয়া যায় না।

খোঁজ নিয়ে জানা যায়, অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার আগে থেকেই রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বার্থ (কেভিন) ও এসি টিকিট বুক করে রেখেছেন। নামমাত্র কয়েকটি টিকিট রাখা হয় বিতরণের জন্য। সকালে লাইনে দাঁড়ানো কয়েকজন যাত্রীকে এসি টিকিট দিয়ে বাকিগুলোকে নরমাল টিকিট দিচ্ছেন কর্মকর্তারা। কমলাপুর রেলস্টেশন অফিসের এক কর্মকর্তা জানান, টাকার বিনিময়ে ট্রেনের বার্থ ও এসির টিকিট বরাদ্দ দেয়া হয়েছে বেশি। রেলওয়ের শীর্ষ কর্মকর্তারা ফোন করে এসব টিকিট বরাদ্দ দিয়েছেন।

সোমবার সকালে সরজমিন গেলে আমিরুল ইসলাম নামের এক টিকিট প্রত্যাশী ক্ষোভ প্রকাশ করে বলেন, লাইনে আমার আগে ছিল মাত্র ৩ থেকে ৪ জন। আর একজন যাত্রী সর্বোচ্চ চারটা টিকিট কিনতে পারেন। অথচ আমাকে বলা হলো এসি টিকিট শেষ হয়ে গেছে। তাহলে বাকি টিকিট গেল কই? কমলাপুর রেলস্টেশনের ২১টি লাইনের টিকিট প্রত্যাশীদেরও একই অভিযোগ। যারা টিকিট পেয়েছেন তাদের অধিকাংশই পেয়েছেন সাধারণ টিকিট। এসি টিকিট যেন সোনার হরিণ।

যোগাযোগ করা হলে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার শুভাংশু চক্রবর্তী বলেন, ২৫ শতাংশ টিকিট অনলাইনে দেয়া হয়। ৫ শতাংশ দেয়া হয় ভিআইপি কোটায়। আর ৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ থাকে। বাকি ৬৫ শতাংশ টিকিট কাউন্টারে দেয়া হয়। এ জন্য এসি টিকিট কম পাওয়া গেছে। তবে কোনো ধরনের কালোবাজারি হয়নি। অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি হয়। এখানে আমাদের হাত নেই।

পূর্বাশানিউজ/১৪,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি