শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সরকারি দফতরের এক-চতুর্থাংশ পদ শূন্য


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বর্তমানে দেশের সরকারি দফতরগুলোর মোট চার ভাগের এক ভাগই পদ শূন্য রয়েছে। বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীর অনুমোদিত পদসংখ্যা ১৭ লাখ ১০ হাজার ৭০৪। এ হিসাবে সরকারি দফতরগুলোয় মোট পদের এক-চতুর্থাংশই খালি রয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানা গেছে। এ সব পদ খালি থাকার কারণে প্রশাসনিক কাজের গতি কমার পাশপাশি পর্যাপ্ত সেবা পেতে সাধারণ জনগণকে প্রতিনিয়ত ভোগান্তিতে পরতে হচ্ছে। তবে শূন্য পদে দ্রুত নিয়োগ দিতে একাধিকবার নির্দেশনা দেয়া হলেও তা বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেই।

জাতীয় সংসদে মঙ্গলবার জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসহ সরকারি দফতরগুলোয় মোট শূন্য পদের সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ৩১১।

এদিকে, সরকারি দফতরলোতে এত পদ খালি থাকলেও দেশে ২৬ লাখ পূর্ণ বেকার কাজ খুঁজে বেড়াচ্ছেন বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপে দেশে পূর্ণ বেকারের এ সংখ্যা উঠে এসেছে। জরিপে জানা যায়, শতাংশের হিসাবে দেশে পূর্ণ বেকারত্বের হার ৪ দশমিক ২ শতাংশ। নারী জনগোষ্ঠীর বেকারত্বের হার ৬ দশমিক ৮ শতাংশ। পুরুষের বেকারত্বের হার ৩ শতাংশ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা সবচেয়ে বেশি বিভিন্ন অধিদফতর ও পরিদফতরে। এ সব দফতরে মোট পদ খালি রয়েছে ২ লাখ ১৪ হাজার ২৫টি। বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনে শূন্য পদ রয়েছে ১ লাখ ১০ হাজার ৬৭৯টি। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদ খালি রয়েছে ৩ হাজার ৬০৭টি। শূন্য পদগুলোর মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদ ৪৪ হাজার ৫৪৪টি। এ ছাড়া তৃতীয় শ্রেণীর কর্মচারীর ১ লাখ ৬০ হাজার ৫৩৯ ও চতুর্থ শ্রেণীর ৭০ হাজার পদ শূন্য রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ সব শূন্য পদে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু হলে পূর্ণ বেকারের সংখ্যা কমবে। ফলে সাধারণ শিক্ষিত যারা সুযোগের অভাবে চাকরি পাচ্ছেন না, তারা উপকৃত হবেন।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার জানান, এত শূন্য পদের কারণে সরকারের কাজের ক্ষতি হচ্ছে, সাধারণ জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। অন্যদিকে, শিক্ষিত জনগোষ্ঠী চাকরি পাচ্ছে না। সব দিক থেকেই ক্ষতি হচ্ছে। যারা নিয়োগের দায়িত্বে আছেন, খালি পদগুলো তাদের অদক্ষতার পরিচয় বহন করছে। নিয়োগ দেয়ার প্রক্রিয়া যত দ্রুত করা যায়, তত দ্রুত এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। তবে শুধু অদক্ষতাই নয়, ক্ষেত্রবিশেষে এ বিষয়টিকে অবজ্ঞা ও অবহেলা করা হচ্ছে, কোনো কোনো সময় নিয়োগ প্রক্রিয়াকে অকারণে জটিল করে ফেলা হচ্ছে। চলমান এ প্রক্রিয়াকে তাই আরো দক্ষ করতে হবে। এর মাধ্যমে অব্যাহতভাবে নিয়োগ দেয়াটাই এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায়।

পূর্বাশানিউজ/১৪,জুন ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি