
ডেস্ক :
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্ঠম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কথা কারোরই ভোলার কথা নয়। মুহূর্তে মুহূর্তে রং পাল্টানো ম্যাচটা সবারই হৃদস্পন্দন অনেকখানি বাড়িয়ে দিয়েছিল। ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই মানেই ধ্রুপদি ব্যাটিং ও অনন্যসাধারণ বোলিং দক্ষতার প্রদর্শনী।
আজও তেমনই কিছু দেখার প্রত্যাশায় রয়েছে ক্রিকেটবিশ্ব। লন্ডনের কেনিংটন ওভালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মাঠে নামছে ফেভারিট ভারত ও আনপ্রেডিক্টেবল পাকিস্তান। বিকেল সাড়ে ৩টায় শুরু হচ্ছে ম্যাচটি।
এই ম্যাচে ভারত একাদশে কোনো পরিবর্তন নেই। পাকিস্তান একাদশে মোহাম্মদ আমির চোট থেকে ফিরেছেন। রুম্মন রইস তাই দলের বাইরে।
ভারত এখানে হটকেক, টুর্নামেন্টের আগে থেকে তারাই আর সবার থেকে ফেভারিট। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা। এবার শিরোপা জিতে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার অস্ট্রেলিয়ান রেকর্ড স্পর্শ করবে তারা। তবে গড়বে নতুন ইতিহাস। সেটি প্রথম দল হিসেবে তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়।
ভারত যখন এতোটা এগিয়ে তখন এটাই পাকিস্তানের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। বিশ্বকাপ তারা জিতেছে, টি-টুয়েন্টি বিশ্ব আসরের শিরোপাতেও চুমু খেয়েছে কিন্তু বিশ্বের দ্বিতীয় সেরা এই আসরের সেমি-ফাইনালের বাধা পেরিয়েছে এই প্রথম। অনেক ঝড় পেরিয়ে উঠেছে ফাইনালে। গ্রুপপর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল। সেটির প্রতিশোধ তুলে শিরোপাটাও ঘরে তুলতে পারে কি না সেটাই এখন প্রশ্ন।
বিরাট কোহলির ভারত ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই দুর্ধর্ষ। সেমিতে যে দল ৯ উইকেটে জিততে পারে তাদের শক্তি সম্পর্কে কারো প্রশ্ন থাকা উচিৎ না। যেমন তাদের ব্যাটিং লাইন আপ, তেমন বোলিং। ফিল্ডিংও।
পাকিস্তান ঠিক এই সময়ে সেরা বোলিং বা ব্যাটিং নিয়ে নামতে পারছে না। ফিল্ডিং নিয়ে ঝামেলা তো বরাবর। তাদের কম্বিনেশনে সমস্যা আছে, সেট কিছুও নয়। কিন্তু ঐতিহ্যগতভাবে ওরা আনপ্রেডিক্টেবল। সেটাই ঘটছে এবং কাজে আসছে। সরফরাজ আহমেদের পাকিস্তান দল কি করবে?
ভারত একাদশ : বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, যুবরাজ সিং, এম এস ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার।
পাকিস্তান একাদশ : সরফরাজ আহমেদ, আজহার আলি, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, বাবর আযম, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব হাসান, হাসান আলি, মোহাম্মদ আমির ও জুনায়েদ খান।
পূর্বাশানিউজ/১৮-জুন,২০১৭/রুমকী
























































